ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম একুশে বইমেলা

সংগৃহীত ছবি
প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম একুশে বইমেলা। স্থানীয় সময় রবিবার ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয়ের স্টোকস ভবনে দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা। বই, কবিতা, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু-কিশোরদের পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মেলাটি পরিণত হয় প্রবাসী বাঙালিদের মিলনমেলায়।
মাতৃভাষার প্রতি ভালোবাসা, বাঙালির শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় এবং বাংলা সাহিত্যচর্চার প্রসারের প্রত্যয়ে এ মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে বইয়ের পাশাপাশি দেশীয় পোশাক, অলংকার, কুটিরশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের স্টলও ছিল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান। মিল্টন হক ও শাহিনা শীলার উপস্থাপনায় সূচনা পর্ব পরিচালিত হয়। এ পর্বের সমন্বয় করেন কাজী কবীর। পরে আয়োজক ও মেলা পরিচালনা কমিটির সদস্যরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের বইমেলায় প্রবাসী বাংলাদেশি কবি-সাহিত্যিকদের বইয়ের পাশাপাশি বই সংগ্রাহকদের জন্যও ছিল পৃথক আয়োজন। লেখকদের সৃজনশীল কাজের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয় এসব স্টলে। জা. মালিকের ‘ক্লান্ত বেদুইন’, ওমর এফ নিউটনের ‘দ্য লাইব্রেরি অব ওমর এফ নিউটন’ এবং কামরুন নাহার রুনুর ‘কাব্যশ্রী’ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে। এ ছাড়া ড. শ্যামল হোসেনের ‘স্বর্ণচাঁপা’ এবং ড. জাকিয়া রহমানের ‘তবুও বৃক্ষের আশা: আত্মিক চিৎকারের বিবেকী উচ্চারণ’ বই দুটি ছিল বিশেষ আকর্ষণ।
সাগর আহমেদ শামীমের ‘তাসনুভা শামীম ফাউন্ডেশন আয়ারল্যান্ড’, শাহাদাত চৌধুরীর ‘পটল কাণ্ড’, হাফিজুর রহমান লিংকনের ‘ব্রহ্মপুত্র: শৈশবের নদী’, অধ্যাপক আরমান রহমানের ‘একজন মুক্তিযোদ্ধার ডায়েরি’, সৈয়দ ফাহিম আব্দুল্লাহর ‘শৈলী’, মেহেদী হাসানের ‘মনফড়িং’ এবং সৈয়দ মোস্তাফিজুর রহমানের ‘আলোকবর্তিতা’ বইগুলোও মেলায় স্থান পায়। পাশাপাশি ইলাইয়াহ আনোয়ারের ‘ইলাইহাস’, সাজেদুল চৌধুরী রুবেলের ‘সৃষ্টি সুখের উল্লাসে’ এবং ডা. জিন্নুরাইন জায়গীরদারের ‘বর্ণবীথি’ নিয়ে সাজানো স্টল ছিল। ফারিয়া, ফাতিন ও ফারহানের উদ্যোগে শিশুতোষ বইয়ের সংগ্রহও রাখা হয়। এসব আয়োজন প্রবাসে বাংলা সাহিত্যচর্চা ও নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার উদ্যোগকে তুলে ধরে।
বইয়ের পাশাপাশি মেলায় ছিল বাংলাদেশি পোশাক, অলংকার, গহনা ও কুটিরশিল্পের স্টল। চটপটি, ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গারা, সমুচা, পিঠাপুলি, বিরিয়ানি ও খিচুড়িসহ দেশীয় খাবারের আয়োজনও ছিল। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের কাছেও এসব আয়োজন ছিল আকর্ষণীয়।
শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে অনূর্ধ্ব ১২ বছর বয়সীদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মানিক মনিরুজ্জামান, মৌসুমী শশী ও অপু কবীর এ পর্ব পরিচালনা করেন। সমন্বয়ের দায়িত্বে ছিলেন কামরুল গোলাম, অপু কবীর ও মানিক শুভ। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উৎসাহ দিতে সনদ, পদক ও কলম দেওয়ার ব্যবস্থা ছিল। শায়মা শহীদ লীফার পরিচালনায় শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনাও দর্শকদের আনন্দিত করে।
আয়ারল্যান্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থী এবং উচ্চশিক্ষার জন্য দেশটিতে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার। ড. ফরহাদ আহমেদ ও মালিহা আহমেদ এ পর্ব পরিচালনা করেন। সমন্বয় করেন সৈয়দ মোস্তাফিজুর রহমান ও খুরশীদ আনোয়ার আকাশ। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও পড়াশোনার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি তাঁদের হাতে সম্মাননা, পদক ও কলম তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে প্রবাসী তরুণদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়।
বিকেলে শুরু হয় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব। ড. শ্যামল হোসেন ও সজল মিত্র রিচার্ড অনুষ্ঠানটি পরিচালনা করেন। ড. জাকিয়া রহমান উদ্বোধনী বক্তব্য দেন। অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (আবাই) সভাপতি মোহাম্মদ মোস্তফা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি উপস্থিত দর্শক, লেখক ও সাহিত্যপ্রেমীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বইমেলার উদ্বোধন করেন। অনলাইন সংযোগ ও অনুষ্ঠান সমন্বয়ের দায়িত্বে ছিলেন সজল মিত্র রিচার্ড। এ পর্বে আরও সমন্বয় করেন সৈয়দ জুয়েল ও সৈয়দ মোস্তাফিজুর রহমান।
পরে ড. শ্যামল হোসেনের পরিচালনায় মেলায় অংশ নেওয়া প্রবাসী কবি, সাহিত্যিক ও লেখকদের পরিচিতি তুলে ধরা হয়। তাঁদের সাহিত্যচর্চা, সৃজনশীল কাজ এবং প্রবাসে বাংলা ভাষার বিকাশে অবদান সম্পর্কে জানানো হয়। কাজী কবীর ও শাহিনা শীলার পরিচালনায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতাও ছিল দিনের অন্যতম আকর্ষণ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দিনের শেষভাগে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিদারুল আলম, মিল্টন হক ও দিলীপ বড়ুয়ার পরিচালনায় গানসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। এ পর্বের সমন্বয় করেন কাজী কবীর, মিল্টন হক ও দিদারুল আলম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন প্রজন্মের একজন প্রতিনিধি ধন্যবাদ বক্তব্য দেন। পরে সমাপনী বক্তব্য রাখেন সৈয়দ মোস্তাফিজুর রহমান। মেলার সফল আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ২০২০ সালে বইমেলার প্রথম আয়োজনের সময় যাঁদের নিয়ে এ পথচলা শুরু করেছিলেন, তাঁদের কথাও স্মরণ করেন।
মেলার সার্বিক ব্যবস্থাপনা, অনুষ্ঠান পরিচালনা, মঞ্চ সমন্বয় ও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টা ছিল উল্লেখযোগ্য। এতে আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আবাইয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রবাসী লেখক, পাঠক, শিক্ষার্থী, শিশু-কিশোর ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে সর্বজনীন সাংস্কৃতিক মিলনমেলা।
ভাষাশহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনাকে ধারণ করে বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখছে। ডাবলিনের পঞ্চম একুশে বইমেলাও সেই ধারাবাহিকতায় প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে শেষ হয়।





