নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুল চালু করল বাংলাদেশ সোসাইটি

ছবি: আগামীর সময়
নিউ ইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের নতুন শাখা চালু করেছে বাংলাদেশ সোসাইটি। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হিলসাইড এভিনিউ ও ১৬৫ স্ট্রিটের মোড়ে স্কুলটির উদ্বোধন করেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির নেতারা জানিয়েছেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ইংরেজি শেখার পাশাপাশি বাংলা ভাষার সঙ্গে পরিচিত হওয়াও জরুরি। যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা শিশুরা এমনিতেই ইংরেজি শেখে। তাই বাংলা বলতে পারা তাদের জন্য শিকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম।
বক্তারা আরও বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের অনেক সন্তান ঠিকমতো বাংলা বলতে পারে না। অথচ যুক্তরাষ্ট্রে চীনা, মেক্সিকান, ইহুদি ও স্প্যানিশ বংশোদ্ভূতরা নিজেদের ভাষার পাশাপাশি ইংরেজিতেও দক্ষতা অর্জন করছে। তাই বাংলা ভাষা শেখাকে হীনমন্যতার বিষয় হিসেবে না দেখে নিজেদের পরিচয় ও শিকড়ের সঙ্গে বন্ধন হিসেবে দেখতে হবে।
বাংলাদেশ সোসাইটির পরিচালনায় এর আগে ব্রুকলিন ও কুইন্সে দুটি বাংলা স্কুল চালু ছিল। জ্যামাইকার শাখাটি সংগঠনটির তৃতীয় বাংলা স্কুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন, দেওয়ান সহ—সভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার, আজিমুর রহমান বোরহান, কমিউনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানি, স্কুল বিষয়ক সম্পাদক হাসান জিলানী, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ ও ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ শহিদুল্লাহ।



