ইতালিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী সাইদুল আব্দুল

আইনজীবী সাইদুল আব্দুল
ইতালির সিসিলি অঞ্চলের পালেরমো শহরে জন্ম ও বেড়ে ওঠা সাইদুল আব্দুল বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ানদের মধ্যে আইন পেশায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ শেষে ২০২৬ সালের ২৯ মে তিনি আইন পেশা অনুশীলনের লাইসেন্স অর্জন করেন। পরে ৯ জুলাই শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
সাইদুলের বাবা ১৯৮৯ এবং মা ১৯৯১ সালে বাংলাদেশ থেকে ইতালিতে আসেন। সীমিত সামর্থ্য নিয়ে নতুন দেশে শুরু করা সেই পরিবারের স্বপ্ন ছিল সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়া। তাদের ত্যাগ ও পরিশ্রমের পথ ধরে আজ সাইদুল একজন আইনজীবী এবং তার ভাই একজন চিকিৎসক। বাংলাদেশে তাদের বাড়ি ঢাকার দক্ষিণখানে।
আইন পেশার পাশাপাশি সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডেও সক্রিয় সাইদুল। সিসিলির ইয়ং ডেমোক্র্যাটস-এর আঞ্চলিক সচিবালয়ে তিনি অধিকার ও অভিবাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে ইউরোপীয় পার্লামেন্টের একটি রাজনৈতিক প্রশিক্ষণ স্কুলে অংশ নিয়ে আশ্রয়প্রার্থীদের অধিকার বিষয়ক কর্মশালায়ও অংশ নেন।
বাংলাদেশি সংস্কৃতি ও ভাষার সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ধরে রাখতেও কাজ করছেন তিনি। পালেরমোর পিয়াজ্জা নোচে বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইদুল।
অভিবাসী পরিবারের সন্তান হিসেবে ইতালিতে জন্ম, বেড়ে ওঠা এবং নিজের যোগ্যতায় আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার এই পথচলা সাইদুল আব্দুলের জন্য যেমন গর্বের, তেমনি ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণার গল্প।



