এসএসসিতে আরব আমিরাতের দুই বাংলাদেশি স্কুলের সাফল্য

সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুই বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে। ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত প্রতিষ্ঠান দুটি।
উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। পরীক্ষায় অংশ নিয়েছিল বিজ্ঞান বিভাগের ২৪ জন ও বিজনেস স্টাডিজ বিভাগের ১৯ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
অন্যদিকে, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৪৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭.৭৩ শতাংশ। তাদের মধ্যে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
প্রবাসের মাটিতে বাংলাদেশের এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকসহ প্রবাসী বাংলাদেশিরা।




