বিমানভাড়া যৌক্তিক করতে বলল বেবিচক

ফাইল ছবি
দেশে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোর বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং যাত্রীসেবার মান উন্নত করার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
একই সঙ্গে বাংলাদেশ রুটে পরিচালিত উড়োজাহাজের পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।
আজ বুধবার বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইনস এবং এয়ারলাইনস অপারেটিং কমিটির কাছে এ নির্দেশনা পাঠানো হয়। বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচকের পর্যবেক্ষণে দেখা গেছে, ভ্রমণের দূরত্ব ও যাত্রীসেবার মান বিবেচনায় কোনো কোনো রুটে বিমানভাড়া তুলনামূলক বেশি। এ অবস্থায় রুটের দূরত্ব বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিমানভাড়ার পাশাপাশি যাত্রীসেবার মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, কিছু এয়ারলাইনস অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ পরিচালনা করছে এবং যাত্রীদের সেবার মানও তুলনামূলক কম।
এ কারণে অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়া হয়, বাংলাদেশ রুটেও তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বেবিচক। রুটভেদে যাত্রীরা যাতে সেবার মানের ক্ষেত্রে বৈষম্যের শিকার না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে সংস্থাটি। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইটের উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে বেবিচক। পাশাপাশি কেবিনের সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ রুটে উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা যাচাইয়ে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনার কথাও জানিয়েছে বেবিচক।




