কপ৩১ সম্মেলনে স্বাস্থ্য সুরক্ষা
স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি
- স্বাস্থ্য খাতের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১৪০ কোটি ডলার

সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের জন্য সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তিনটি নাগরিক সংগঠন। একই সঙ্গে বড় নিঃসরণকারী দেশগুলোকে ২০৩০ সালের আগেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য পরিমাণে কমানোর পাশাপাশি অগ্রগতির বিষয়ে নিয়মিত জনসমক্ষে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে তারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে শনিবার রাতে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজক বাংলাদেশের তিনটি সংগঠন হলো জলবায়ু ন্যায়বিচার ফোরাম (সিজেএফ), অর্গানাইজেশন ফর সোশিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এওএসইডি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রি ইআর)।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, উন্নত দেশগুলোকে প্রশমন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় (লস অ্যান্ড ড্যামেজ) পূর্বানুমানযোগ্য, সহজে পাওয়ার উপযোগী এবং প্রধানত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে জলবায়ু পরিকল্পনা প্রণয়ন, অর্থ ব্যয়ের পর্যালোচনা এবং অর্থায়নের সুফল সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তা মূল্যায়নের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে।
স্বাস্থ্য খাতের পরিকল্পনায় প্রয়োজন ১৪০ কোটি ডলার
বাংলাদেশের স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (হেলথ ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান—এইচএনএপি) ২০২৬–২০৩১ বাস্তবায়নে প্রয়োজন আনুমানিক ১৪০ কোটি মার্কিন ডলার। পাঁচ বছর মেয়াদি এ পরিকল্পনায় বন্যার সময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সচল রাখা, জলবায়ু-সংবেদনশীল রোগ দ্রুত শনাক্ত করা এবং তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রি ইআরের একটি গবেষণায় এ অর্থায়নের সম্ভাব্য চারটি উৎস চিহ্নিত করা হয়েছে। গত ১৭ অক্টোবর ঢাকার ব্র্যাক সেন্টারে প্রকাশিত গবেষণাটি অনুযায়ী, সরকারি দেশীয় বাজেট থেকে ৩৮ কোটি ডলার এবং নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, ড্রেনেজ ও বন্যাসহিষ্ণু অবকাঠামোর মতো স্বাস্থ্যসংশ্লিষ্ট খাতে বিনিয়োগ থেকে আরও ৩৬ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব।
এ দুই উৎস থেকে মোট ৭৪ কোটি ডলার পাওয়া গেলে পরিকল্পনার প্রায় ৫৩ শতাংশ ব্যয় মেটানো যাবে। অবশিষ্ট ৬৬ কোটি ডলারের মধ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৫২ কোটি ডলার এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ১৪ কোটি ডলার সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, এগুলো সম্ভাব্য অর্থায়নের লক্ষ্যমাত্রা।
সিথ্রি ইআরের উপপরিচালক রওফা খানম বলেন, সরকারি বাজেট বরাদ্দ, স্বাস্থ্য খাতের রাজস্ব এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশের মতো আন্তঃখাতভিত্তিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ উৎস থেকে ৭৪ কোটি ডলার সংগ্রহ করতে পারে। তবে বাকি ৬৬ কোটি ডলারের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
রওফা খানম বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ১৪ কোটি ডলার অনুদান হিসেবে সংগ্রহ করা জরুরি, যাতে দেশের ঋণের বোঝা না বাড়ে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভিযোজন পরিকল্পনার প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক সহায়তা প্রয়োজন।
গবেষণায় বলা হয়েছে, এইচএনএপির মোট ব্যয়ের ৬৯ শতাংশ বা ৯৬ কোটি ৬০ লাখ ডলার চারটি অগ্রাধিকার খাতে ব্যয় করা হবে। এর মধ্যে জলবায়ুসহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণকারী স্বাস্থ্য অবকাঠামো, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার উন্নয়নে ৩৫ কোটি ডলার, ঝুঁকি পর্যবেক্ষণ ও আগাম সতর্কবার্তা ব্যবস্থায় ২৬ কোটি ৬০ লাখ ডলার, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়াতে ২১ কোটি ডলার এবং নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় ১৪ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। অর্থায়নের সম্ভাব্য উৎস হিসেবে গ্রিন ক্লাইমেট ফান্ড, অ্যাডাপটেশন ফান্ড এবং লিস্ট ডেভেলপড কান্ট্রিজ ফান্ডের অনুদানের কথা উল্লেখ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন, নতুন স্বাস্থ্য প্রকল্পে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং জলবায়ু ও স্বাস্থ্য খাতের ব্যয়ের হিসাব রাখতে সরকারি হিসাব ব্যবস্থায় পৃথক কোড চালুর সুপারিশ করেছে সিথ্রি ইআর।
২০৩০ সালের আগেই নিঃসরণ কমানোর দাবি
সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনগুলো বলেছে, অভিযোজন অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ বর্তমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে পারবে। তবে ভবিষ্যতে এসব ঝুঁকি আরও বেড়ে যাওয়া ঠেকাতে বড় নিঃসরণকারী দেশগুলোকে দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
এওএসইডির নলেজ ম্যানেজমেন্ট টিম লিড এমডি সালাহ উদ্দিন বলেন, বড় নিঃসরণকারী দেশগুলোকে কেবল দূরবর্তী সময়ে নিট-শূন্য নিঃসরণের প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ২০৩০ সালের আগেই অর্থবহ ও পরিমাপযোগ্য নিঃসরণ কমাতে হবে। এ জন্য স্বল্পমেয়াদি জলবায়ু লক্ষ্যমাত্রা জোরদার, খাতভিত্তিক নিঃসরণ কমানোর অর্থায়নসহ বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ায়—এমন নতুন নীতি ও উদ্যোগ বন্ধ করা জরুরি।
সালাহ উদ্দিন আরও বলেন, বড় নিঃসরণকারী দেশগুলোকে প্রতিবছর প্রকৃত নিঃসরণ হ্রাসের পরিমাণ প্রকাশ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি ঘাটতি পূরণে কী ধরনের সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা-ও জানাতে হবে। নিঃসরণ-সংক্রান্ত তথ্য সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীন পর্যালোচনার আওতায় রাখতে হবে। কার্বন ক্রেডিট যেন দূষণ অব্যাহত রাখার অজুহাত হয়ে না ওঠে।
আয়োজক সংগঠনগুলো বলেছে, জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে ভূমির অধিকার, শোভন কর্মসংস্থান এবং সাশ্রয়ী বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। নিঃসরণ কমানোর দায়িত্ব ঐতিহাসিকভাবে বেশি দায়ী, বর্তমানে সর্বাধিক নিঃসরণকারী এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোকে নিতে হবে।
কপ-৩১ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে ২০৩০ সালের আগেই বড় নিঃসরণকারী দেশগুলো কী পদক্ষেপ নেবে, তাদের অগ্রগতি কীভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করা হবে এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের জাতীয় অভিযোজন পরিকল্পনার মতো অগ্রাধিকার বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলো কখন প্রয়োজনীয় অর্থায়ন পাবে, তা সুস্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।





