বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন বৈঠক অনুষ্ঠিত

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি গঙ্গা পানি বণ্টন চুক্তি, ১৯৯৬ বাস্তবায়নসংক্রান্ত ৯১তম নিয়মিত বৈঠক। এ বৈঠকে দুদেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করেন।
এ বৈঠকে ২০২৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনটি চূড়ান্ত হয়েছে। যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির।
অন্যদিকে ভারতের পক্ষের নেতৃত্ব দেন শ্রী শরদ চন্দ্র, কমিশনার (এফএম)। তিনি দেশটির যৌথ নদী কমিশনের সদস্য।
আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় ছিল না বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।
এর আগে গত ২২ মে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি বিদ্যমান চুক্তির অধীনে এটিই হলো দুদেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়।
পরে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি হয়। এ চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।
আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।





