গঙ্গার পানিপ্রবাহ না বাড়লে মিলবে না পদ্মা ব্যারাজের সুফল
- ৩৪ হাজার কোটির প্রকল্প
- ২৯ লাখ হেক্টর জমিতে সেচের পরিকল্পনা
- ব্যারাজের উজানে বন্যা, ভাটিতে ভাঙনের শঙ্কা
- ফারাক্কার অভিজ্ঞতা বিবেচনায় নিচ্ছে সরকার

গ্রাফিকস: আগামীর সময়
একসময় দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছিল নদী, খাল-বিল আর সবুজ ফসলের মাঠে ঘেরা জনপদ। জলপ্রবাহের সঙ্গে জড়িয়ে ছিল লাখো মানুষের জীবন-জীবিকা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চেনা চিত্র। কয়েক দশক ধরে উজানে ভারত পানি প্রত্যাহার করায় নাব্য হারিয়েছে বাংলাদেশের অনেক নদী। কোথাও বেড়েছে লবণাক্ততা। নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি, মৎস্য, পরিবেশ ও সুন্দরবনের ওপর। এ পরিস্থিতি মোকাবিলায় ৩৪ হাজার কোটি টাকায় পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্ষায় পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বিভিন্ন শাখা নদী ও খালে সরবরাহ করা হবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় পানির জোগান নিশ্চিত হবে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন।
পরিকল্পনা অনুযায়ী, রাজবাড়ীর পাংশায় পদ্মার বুকে নির্মাণ করা হবে প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস ও মাছ চলাচলের জন্য দুটি ফিশ পাস। সংরক্ষণ করা হবে প্রায় ৩ বিএসএম পানি। সেই পানি সরবরাহ করা হবে গড়াই-মধুমতী, হিসনা-মাথাভাঙ্গা, চন্দনা, বারাসিয়া, বড়াল ও ইছামতী নদীব্যবস্থায়। এজন্য নদী পুনঃখনন ও ড্রেজিংয়ের পরিকল্পনাও রয়েছে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক পানি সরবরাহের লক্ষ্য।
সরকারের হিসাবে, প্রকল্পটি বাস্তবায়নে উপকৃত হবে ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ। প্রায় ২৯ লাখ হেক্টর জমিতে দেওয়া সম্ভব হবে সেচ সুবিধা। বছরে অতিরিক্ত ২৪ লাখ টন ধান ও ২ লাখ ২৫ হাজার টন মাছও উৎপাদনের প্রত্যাশা। এ ছাড়া তিনটি জলবিদ্যুৎ কেন্দ্র ও সাতটি স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা রয়েছে। গঙ্গা-কপোতাক্ষ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্পসহ কয়েকটি স্থাপনাতেও পানি সরবরাহ করতে চায় সরকার।
প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা। প্রস্তাবিত সময়সীমা অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত নির্মাণকাজ চলার কথা। পরবর্তী পর্যায়গুলো যুক্ত হলে প্রকল্পটির মোট ব্যয় ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পদ্মা ব্যারাজ বাস্তবায়নের আগে পুরো নদী অববাহিকার ওপর পরিবেশগত প্রভাব মূল্যায়ন জরুরি। বিবেচনায় নিতে হবে উজানে পলি জমা, ভাটিতে নদীভাঙন, বন্যা, লবণাক্ততা ও জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষতি। একই সঙ্গে গড়াই-মধুমতী নদীর নাব্য ফিরিয়ে আনতে ড্রেজিং, খাল পুনঃখনন ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কার্যকর ফিশ পাসের নকশা এবং স্থানীয় মানুষের জমি, বসতি ও জীবিকার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় থাকতে হবে পুনর্বাসন পরিকল্পনা।
প্রকল্পের পানির জোগান ও বাস্তবায়নযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ও কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান। তিনি বললেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি এ বছরই শেষ হচ্ছে। আমরা বিভিন্ন গবেষণা করে দেখেছি, চুক্তি থাকার পরেও (১৯৯৭-২০১৬ সময়কালের উপাত্ত অনুযায়ী) ৫২ শতাংশ সময় বাংলাদেশ চুক্তিতে উল্লিখিত ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছিল। একই সময়কালে ক্রিটিক্যাল পিরিয়ডে (মার্চ-মে) ৬৫ শতাংশ সময় বাংলাদেশ ন্যায্য হিস্যা পায়নি। আগামীতে ঠিক কতটা পানি বাংলাদেশ পাবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ কারণে উজানে প্রয়োজনীয় পানি না পেলে ব্যারাজ কীভাবে কাজে আসবে, তা বোধগম্য নয়।’
‘পদ্মার ডান তীরের পাঁচটি নদীতে প্রায় ২৮ হাজার কিউসেক পানি সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহের যে তথ্য প্রকল্পের সমীক্ষায় তুলে ধরা হয়েছে, তা এই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ১৯৯৭ থেকে ২০০০ সালের তথ্য অনুযায়ী, এপ্রিলে গঙ্গার গড় প্রবাহ ছিল প্রায় ৩২ হাজার কিউসেক। কোনো কোনো সময়ে তা ১১ হাজার কিউসেকে নেমেছে। মার্চে সর্বনিম্ন প্রবাহ ছিল প্রায় সাত হাজার কিউসেক। এ ছাড়া প্রকল্পের নথিতে ২০১০ সালের পরের হালনাগাদ পানিপ্রবাহের তথ্য নেই’— যোগ করলেন তিনি।
তার পরামর্শ, এ ধরনের বড় ব্যারাজ নির্মাণের আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী-খাল পুনরুদ্ধার জরুরি। কুষ্টিয়া, যশোর ও খুলনা অঞ্চলে প্রায় ১৩ হাজার ৬৪ কিলোমিটার নদী-খালের অস্তিত্ব পাওয়া গেছে। এসব পুনঃখনন করে গড়ে ৫০ মিটার প্রস্থ ও পাঁচ মিটার গভীরতা করা গেলে প্রায় ৩ দশমিক ২৫ বিসিএম পানি ধারণের সক্ষমতা তৈরি হতে পারে। পাশাপাশি ভবদহ অঞ্চলে টিআরএম বা জোয়ারাধার ব্যবস্থার সম্প্রসারণ, প্রাকৃতিক পানিপ্রবাহের সংযোগ পুনঃপ্রতিষ্ঠা এবং পোল্ডার ব্যবস্থাপনার সংস্কার প্রয়োজন।
বাংলাদেশের পানি নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন অত্যন্ত জরুরি জানিয়ে এই বিশেষজ্ঞ বললেন, নতুন চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদি, ১২ মাসব্যাপী ও অববাহিকাভিত্তিক। এতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার জন্য কার্যকর গ্যারান্টি ক্লজ থাকতে হবে। এক্ষেত্রে জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহবিষয়ক কনভেনশনের নীতিগুলো বিবেচনায় নেওয়া যেতে পারে। উজান ও ভাটির দেশের অধিকার, ন্যায্য পানি বণ্টন এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে এ কনভেনশনে গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। ভারত, নেপালসহ অববাহিকার দেশগুলোর সঙ্গে আলোচনায় এসব নীতিকে ভিত্তি হিসেবে নেওয়া প্রয়োজন।
বিদ্যমান নকশায় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল ইসলাম। তার ভাষ্য, পদ্মা নদীর ভৌগোলিক অবস্থান ও প্রকৃতিগত বৈশিষ্ট্য বিবেচনায় ব্যারাজ নির্মাণ হলে উজানে পলি আটকে নদীর তলদেশ দ্রুত ভরাটের শঙ্কা রয়েছে। এতে ভাটিতে প্রবাহিত পানি হয়ে উঠবে পলিশূন্য ক্ষুধার্ত, যা নদীর পাড়ে তৈরি করবে তীব্র ভাঙন। এ ছাড়া মেঘনা মোহনায় মিঠা পানির চাপ কমলে সমুদ্রের নোনা পানি আরও গভীরে, এমনকি উত্তর-পূর্বের নিচু হাওর অঞ্চল পর্যন্ত ঢুকে পড়ার চরম ঝুঁকি রয়েছে।
ফারাক্কা বাঁধের কারণে ভারতের বিহার ও মালদায় পলি জমে প্রতি বছর ভয়াবহ বন্যা ও হাজার হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার উদাহরণ টেনে তিনি সতর্ক করেন যে, পদ্মা ব্যারাজের উজানেও পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত স্থায়ী জলাবদ্ধতা ও বন্যা দেখা দিতে পারে। বাংলাদেশের গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ টিকে থাকার জন্য প্রতি বছর প্রায় ১০০ কোটি টন পলি প্রয়োজন, যার ৪০ থেকে ৬০ কোটি টনই আসে গঙ্গা দিয়ে। ব্যারাজের কপাট দীর্ঘ সময় বন্ধ থাকলে এই পলি উজানে আটকে যাবে।
পরিকল্পনা অনুযায়ী সেচ ব্যবস্থা নিয়েও সন্দেহ পোষণ করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক মহাপরিচালক ড. শাহজাহান কবীর। তার ব্যাখ্যা, আধুনিক সেচ প্রযুক্তি ও উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে তুলনামূলক কম পানি ব্যবহার করেও অধিক ফসল উৎপাদন সম্ভব। অন্যদিকে, পদ্মা ব্যারাজের পরিকল্পিত পানি ধারণক্ষমতা প্রায় ২ দশমিক ৯১ বিলিয়ন ঘনমিটার। অথচ প্রকল্পের আওতায় প্রায় ২৮ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার যে প্রত্যাশা করা হচ্ছে, তার জন্য মৌসুমভেদে বিপুল পরিমাণ পানির প্রয়োজন। বিভিন্ন হিসাব অনুযায়ী, প্রতি হেক্টর জমিতে ফসলভেদে সেচের পানির প্রয়োজন ৫ হাজার থেকে ১৩ হাজার ঘনমিটার পর্যন্ত। সেই হিসাবে প্রকল্পের ঘোষিত সেচ লক্ষ্যমাত্রা পূরণে পানির চাহিদা ও ব্যারাজের ধারণক্ষমতার মধ্যে বড় ব্যবধান।
তার পরামর্শ, পদ্মা ব্যারাজের সম্ভাব্য সুফল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কৃষি ও মৎস্য উৎপাদনের পূর্বাভাসগুলো স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। বিশেষ করে কতটুকু পানি বাস্তবে পাওয়া যাবে, তার কত অংশ সেচে ব্যবহার করা সম্ভব হবে, কতটুকু পরিবেশগত প্রবাহ হিসেবে রাখতে হবে এবং এর ফলে ফসল ও মাছ উৎপাদনে প্রকৃতপক্ষে কী পরিবর্তন আসবে, তার বৈজ্ঞানিক হিসাব প্রকাশ করা জরুরি।
পরিবেশগত এসব আশঙ্কার বিষয়ে প্রশ্ন উঠলে পাবনার প্রস্তাবিত এলাকা পরিদর্শনে এসে পদ্মা ব্যারাজ প্রকল্প পরিচালক হাসান মাহমুদ জানিয়েছেন, ফারাক্কার অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই পদ্মা ব্যারাজ নকশা প্রণয়ন ও প্রশোধন করা হচ্ছে। তা ছাড়া ভারতের পরিস্থিতির সঙ্গে বাংলাদেশকে হুবহু মিলিয়ে ফেলাও ঠিক নয়। সম্ভাব্য নদীভাঙন ও বন্যা সামলাতে বাঁধগুলো উঁচু করাসহ সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকল্পের মূল পরিবেশগত সমীক্ষা এখনো চলমান, প্রয়োজনে আরও সংশোধন করা হবে।



