তথ্যপ্রযুক্তি ও এআই ব্যবহারে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস গুগলের

শিক্ষামন্ত্রীর সঙ্গে কাইলি গার্ডনারের নেতৃত্বে গুগলের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসির আঞ্চলিক প্রধান কাইলি গার্ডনার।
আজ রবিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন কাইলি গার্ডনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় তারা এমন আশ্বাস দেন।
বৈঠকে ‘গুগল ফর এডুকেশন’-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিশেষ প্রকল্পের প্রধান টিম পাওলিনি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে। এ সময় প্রতিনিধিদলকে শিক্ষা খাতে সরকারের কৌশলগত অগ্রাধিকার ও উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
আলোচনায় প্রতিনিধিদল ‘গুগল এডুকেশন’-এর কার্যক্রম তুলে ধরেন। তারা ভবিষ্যতে শিক্ষক প্রশিক্ষণ, জেমেনাই, একাডেমি ও ক্রোমবুকসের মতো প্রযুক্তিগত বিষয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ জানান।
বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থা রূপান্তরে কাজ করে যাচ্ছে। এই পরিবর্তন প্রক্রিয়ায় গুগলের সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জানান, শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়াতে হলে শিক্ষকদের দক্ষ করে তোলা জরুরি। এ লক্ষ্যে সরকার ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মালটিমিডিয়া ক্লাসরুমসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কনটেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও গুগলের অংশীদারত্বের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।





