পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

গ্রাফিকস: আগামীর সময়
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় বসতি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার বিষয়ে ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা এবং একটি কার্যকর ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর সম্ভাবনাকে আরও ক্ষুণ্ণ করে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।
ফিলিস্তিনি রাষ্ট্রসত্তাকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ প্রতিরোধে এবং আন্তর্জাতিক আইন ও ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত, সামগ্রিক ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।
বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের পাশে সংহতি নিয়ে দাঁড়িয়ে আছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তা অর্জনের ক্ষেত্রে তাদের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।





