রাষ্ট্রপতি নির্বাচন
ভোটার তালিকা তৈরি করতে অনুরোধ ইসির

সিনিয়র সচিব আখতার আহমেদ—ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা পাওয়ার পরে নির্বাচনের তারিখ এবং শিডিউল নিয়ে আলোচনা হবে।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব আরও জানিয়েছেন, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৬০টি। এর মধ্যে একটির নিবন্ধন স্থগিত আছে। বাকি ৫৯ দলের মধ্যে ৩৮টি রাজনৈতিক দল বাৎসরিক অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি রাজনৈতিক দল অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে। আটটি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেননি। এর মানে তারা নন রেসপনসিভ।
আখতার আহমেদ বলেছেন, যারা আবেদন করেছে, তাদের জন্য কমিশন সময় বাড়াবে। অতীতেও এই সময় বাড়ানো হয়েছে। যারা প্রতিবেদন জমা দেয়নি, তারা আইনের বরখেলাপ করেছে, এটা তাদের জানিয়ে দেওয়া হবে।




