ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

ফাইল ছবি
রাজধানী ঢাকায় আজও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকায়।
শুক্রবার (১২ জুন) ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪৩ মিলিমিটার। শনিবারও ঢাকায় ঝরেছে বৃষ্টি। এদিন বৃষ্টি হয়েছে ৩৫ মিলিমিটার।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা হতে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আজও অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।


