সকালেই জানুন কেমন থাকবে দিনের আবহাওয়া

গ্রাফিকস: আগামীর সময়
দেশের বিভিন্ন এলাকায় আজ বজ্রবৃষ্টি, কয়েক অঞ্চলে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা। এদিন রাজধানীতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ । গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝড় হতে পারে। রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে শনিবার দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।






