সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না

ফাইল ছবি
সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ রবিবার এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
প্রধানমন্ত্রী যেসব অনুষ্ঠানে উপস্থিত থাকেন না, এমন অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনেও অতীতে তার ছবি ব্যবহারের একটা সংস্কৃতি ছিল। বর্তমান সরকার এবার সে অবস্থা থেকে সরে এসেছে।
সরকারি পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে।
এ ছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।




