স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশা

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সংগৃহীত ছবি
পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতারও প্রশংসা করেন তিনি।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং মুক্তবাণিজ্যের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন মন্ত্রী।
ভারতের স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহের কথা জানালেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ভারতের হায়দরাবাদে অবস্থিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা যেতে পারে।
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তিনি।
এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক অংশগ্রহণ আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা নিতে ভারত আগ্রহ প্রকাশ করেছে। আলোচনা সাপেক্ষে স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠানোর বিষয়েও দেশটি আগ্রহ দেখিয়েছে বলে জানালেন তিনি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানালেন প্রতিমন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধেসহ মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







