বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।
এ সময় সমসাময়িক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি ও প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়াতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




