ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
আজ রবিবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ ভারপ্রাপ্ত স্পিকারকে প্রধান অতিথি হিসেবে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে দেশের সামগ্রিক নারী উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করতে এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের এই এসডিজি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।




