যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ৫ সদস্যের তদন্ত কমিটি
- স্থগিত পরীক্ষা হবে ১৬ অক্টোবর

গ্রাফিকস: আগামীর সময়
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে এ কমিটি। এ ছাড়া স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ শনিবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১০ অক্টোবর বেলা ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু পরীক্ষা গ্রহণের পূর্বে উক্ত পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফাঁসের বিষয়টি নজরে আসায় এই নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিত এই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় আগামী শুক্রবার বিকাল ৩টায় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে বিষয়টি পুনরায় অবহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয় তদন্তের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। তাদের দাবি, এর সঙ্গে জড়িতদের কঠিন সাজা দেওয়া হোক। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া হোক ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।




