চীনা দুই যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান

চীনা দুই যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌপ্রধান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সফররত চীনা নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায় এ তথ্য। এতে বলা হয়, পরিদর্শনকালে চীনা নৌবাহিনীর জাহাজ দুটিতে ব্যবহৃত আধুনিক নৌ সরঞ্জাম, প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত হন প্রতিরক্ষা উপদেষ্টা।
পরে জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ ও নৌ সহযোগিতা বৃদ্ধির বিষয়ও উঠে আসে।
পরিদর্শনকালে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা।
আইএসপিআর জানায়, এর আগে ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসে। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
সফর শেষে চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশ জলসীমা ত্যাগের সময় দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে প্যাসেক্স যৌথ মহড়ায় অংশ নেবে বলে জানিয়েছে আইএসপিআর। এ ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দুই দেশের নৌবাহিনীর সহযোগিতা আরও বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।




