ফরিদপুর ও রাজবাড়ীতে দুটি সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন সেনাপ্রধান

সংগৃহীত ছবি
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনের লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার তিনি প্রতিষ্ঠান দুটি উদ্বোধন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সূচনালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে প্রতিষ্ঠা করা হয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর। অন্যদিকে, রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী।
প্রতিষ্ঠান দুটি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল, নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠান দুটির শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।






