মিয়ানমার-ভারত সীমান্তে বসবে কাঁটাতারের বেড়া
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি
অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই ধরনের বেড়া ভারত সীমান্তে নির্মাণের পরিকল্পনা সরকারের ‘বিবেচনায়’ থাকার কথাও বলেছেন তিনি।
গতকাল বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের বিএনপির সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন এসব উদ্যোগের কথা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয় প্রশ্নটি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, গোলাবারুদ, আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে নেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ। অনুরূপভাবে বিবেচনাধীন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম।




