প্রত্যাশা না করে প্রত্যয় নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে : সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম
অন্যের ওপর প্রত্যাশা না করে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, এলাকার সমস্যা সমাধানে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে এলাকার উন্নয়ন আরও বেগবান হবে।
আজ শুক্রবার রাজধানীর হাজারিবাগে সাবেক তিনবারের কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান মজুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে রবিউল আলম এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রত্যাশার চেয়ে উচিত হচ্ছে প্রত্যয়। প্রত্যয় মানে নিজ ও নিজের কর্তব্য সম্পর্কে সজাগ থেকে আরও শক্তিশালী হওয়া। আর প্রত্যাশা মানে অন্যের ওপর আশা করে বসে থাকা— অন্যরা করবে। কিন্তু যা আমরা করতে পারি, তা নিজেরাই করলে এলাকার উন্নয়ন দারুণভাবে হবে।
মুজিবুর রহমান মজুর স্মৃতিচারণ করে রবিউল আলম বলেন, মুজু ভাই ছিলেন একজন প্রচণ্ড বিবেকসম্পন্ন মানুষ। দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন। বারবার জেলে গিয়েছেন, রিমান্ডে থেকেছেন। কিন্তু কখনো বলেননি আর পারছি না, কষ্ট হচ্ছে বা আর কন্টিনিউ করা ঠিক হবে না, বরং আমাদের শাণিত করেছেন। এ রকম একজন প্রজ্ঞাবান নেতা আমরা হারিয়েছি। দল দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
সিটি করপোরেশনের সেবা কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সমস্যা নিয়ে শুধু প্রতিবাদ না করে সমাধানে উদ্যোগী হতে হবে।
সরকার জনগণের আস্থার অমর্যাদা করবে না জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভিশন নিয়ে জনগণের সমৃদ্ধি, কল্যাণ ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছেন। জনগণের সমর্থন ও রায়ের কারণেই এই দায়িত্ব পালনের সুযোগ হয়েছে।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা।





