নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশ দুইটি।
অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার এক পোস্টে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস লিখেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।’
পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘চীন বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎসমৃদ্ধ একটি সম্প্রদায় গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা সম্ভব হবে।’
অন্যদিকে, বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন ফেসবুকে পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।’




