বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ আর দ্বিতীয়টা নেই, বললেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
বাংলাদেশের মতো সাম্প্রতিক সম্প্রীতির দেশ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার ভাষ্য, এটাই বাস্তব।
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার বিকালে রাজধানীর ইসকন স্বামীবাগ আশ্রমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী বললেন, বর্তমানে দেশে কোনো সাম্প্রদায়িক বিভেদ নেই; কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না। কারণ, মানুষ এখন অনেক বেশি সচেতন। সুতরাং ভবিষ্যতে কেউ সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সফল হবে না।
তিনি বলেন, বর্তমান সরকারের একটাই উদ্দেশ্য, সেটা হলো দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন করা। সরকার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সংস্কারের জন্য আন্তরিক বলে জানান মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, রাষ্ট্রের সবাই তাদের মর্যাদা নিয়ে বসবাস করবে। শান্তিতে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এটিই বর্তমান সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে দেশ গড়তে হবে। এখানে কোনো বিভেদ থাকবে না। দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে। এ জন্য সবাই মিলে সরকারকে সহায়তা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ।





