অনিয়ম সহ্য করব না, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি : সংগৃহীত
সুনামের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেছেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অনিয়ম করতেও দেওয়া হবে না।
গতকাল শনিবার রাতে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মন্ত্রী।
এসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, সহপাঠীদের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সেইসঙ্গে তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেছেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার মুখোমুখি হতে হয়, তখন তৎকালীন বিভাগীয় প্রধান ড. এম এন হুদার সঙ্গে আমরা দেখা করি। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়ার কথা তুলে ধরে আমরা বিশেষ মূল্যায়নের অনুরোধ জানাই। পরবর্তীতে স্যারদের আন্তরিক সহায়তায় আমাদের নিয়মিতকরণের ব্যবস্থা করা হয়।’
‘গুণী শিক্ষকদের দিকনির্দেশনা ও স্নেহেই আজকে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি’, শিক্ষকদের অবদান স্মরণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে তিনি বলছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, তা যেন শততার সঙ্গে পালন করতে পারি। একজন সহকর্মী ও বন্ধু হিসেবে অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, অর্ন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. ফেরদৌসী নাহার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউইডিএএ) সভাপতি সৈয়দ আলী জওহর রিজভীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।







