বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান

প্রতীকী ছবি
প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অবকাঠামো নির্মাণের পর বাস লেন তুলে দিয়ে সড়কটিকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ করে অনিয়ম, কারিগরি ত্রুটি ও দায়িত্বে অবহেলার বিষয় তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই প্রকল্পের এ ধরনের পরিবর্তন প্রশ্নবিদ্ধ।
তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে আর্থিক বা পরিচালনগত সমস্যা থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে। কোনো অনিয়ম বা কারিগরি ভুলের দায় বিআরটি ব্যবস্থা কিংবা বাস লেনের ওপর চাপানো ঠিক হবে না। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা এবং দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা সংরক্ষণ করতে হবে। স্বার্থের সংঘাত নেই— এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করতে হবে।
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিমানবন্দর-গাজীপুর করিডরে বিআরটি চালু হলে যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরের বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। এ করিডর ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি), ২০১৫ সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি), ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানেও অন্তর্ভুক্ত রয়েছে। তাই সামগ্রিক পরিবহন পরিকল্পনা বিবেচনায় নিয়েই এর ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, বিআরটি বহাল রাখা বা বাতিলের আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটের কারণে সম্ভাব্য আর্থিক ক্ষতির তুলনামূলক মূল্যায়ন করা প্রয়োজন। সব পক্ষের মতামত নিয়ে বিকল্পগুলো বিশ্লেষণ করতে হবে এবং সিদ্ধান্তের যৌক্তিকতা জনগণের সামনে প্রকাশ করতে হবে। বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা করে বিআরটি লেন বহাল রাখার পাশাপাশি ঢাকা বিআরটি পিএলসিকে শক্তিশালী করারও দাবি জানান তিনি।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর প্রকল্প বাতিলের সিদ্ধান্তের কারণ এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পর্যাপ্ত গণপরিবহনের অভাবে গাজীপুরে অটোরিকশার সংখ্যা বাড়ছে। বিআরটি বাতিল হলে ২৫টি স্টেশনে সড়ক পারাপারের বিশেষ সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বাড়তে পারে। প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়। এ জন্য প্রকল্পের সার্বিক তথ্য প্রকাশ করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ বলেন, প্রকল্পে ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত। পুরো প্রকল্প বাতিল করা বড় ধরনের ভুল হবে। অন্যদিকে পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী বলেন, এ করিডরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে। বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। ফলে প্রকল্প বাতিল হলে বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার বাস্তবায়নও প্রশ্নের মুখে পড়বে।
ভুল সবই ভুল
০৬ নভেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরেন বিআইপির সভাপতি। দাবিগুলোর মধ্যে রয়েছে ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন, স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রতিবেদন প্রকাশ, বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা, বিআরটি লেন বহাল রাখা এবং ঢাকা বিআরটি পিএলসিকে কারিগরি নেতৃত্বে শক্তিশালী করা। পাশাপাশি দেশের পরিবহন উন্নয়ন প্রকল্পনির্ভর না করে পরিকল্পনানির্ভর করার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান, ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিনসহ অন্যরা।





