মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ফারুক মেহেদী

সংগৃহীত ছবি
মহাত্মা গান্ধীর অহিংসা, শান্তি ও সম্প্রীতির আদর্শ প্রচারে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মহাত্মা গান্ধী গুডউইল অ্যাওয়ার্ড’ পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ও সাংবাদিক ফারুক মেহেদী। মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। গান্ধী আশ্রম ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ শান্তি ও সম্প্রীতির চর্চায় অনুপ্রেরণা জোগায়। দেশে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়িয়ে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।বিশেষ অতিথি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নোয়াখালীর সোনাইমুড়ীতে
অবস্থিত গান্ধী আশ্রমকে ঘিরে পর্যটন বলয় গড়ে তোলার পাশাপাশি মহাত্মা গান্ধীর অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশে নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার বাধে বলেন, শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির চর্চা মানবিক সমাজ গঠনের অন্যতম শর্ত। গান্ধীর জীবন ও কর্ম সেই আদর্শের কথা স্মরণ করিয়ে দেয়।
সম্মাননা গ্রহণ করে ফারুক মেহেদী বলেন, মহাত্মা গান্ধীর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে পুরস্কার পাওয়া তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। দীর্ঘদিন ধরে ব্যবসায় সাংবাদিকতার পাশাপাশি গান্ধীর আদর্শ অনুসরণ এবং তা প্রচারে কাজ করার চেষ্টা করছেন তিনি। গান্ধীর জীবন ও কর্ম নিয়ে নির্মিত তাঁর প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’ এ প্রচেষ্টার অন্যতম উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি। পুরস্কারের জন্য মনোনীত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান ফারুক মেহেদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) জীবন কানাই দাস। প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার এবিএম হামিদুল মেজবাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক রাহা নবকুমার।
উল্লেখ্য, মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর বিশ্বজুড়ে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয়।



