তারেক রহমানকে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে আমন্ত্রণ আমিরাতের প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি
দুবাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রবিবার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাকে সম্মেলনে স্বাগত জানানোর আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের অব্যাহত সাফল্য, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’। এতে ভবিষ্যতের সরকার ও শাসনব্যবস্থা গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা, উদ্ভাবন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, গবেষক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়, নতুন নীতিগত ধারণা তুলে ধরা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে এই সম্মেলন।
আমিরাত দূতাবাস বলছে, ২০২৬ সালের সম্মেলনে অংশ নিয়েছিলেন ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০-এর বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিসহ ছয় হাজারের বেশি অতিথি।




