সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

ছবি: রয়টার্স
ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে সেনা পাঠাল পাকিস্তান। গত শনিবার সৌদিগামী ওই সেনাদলের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয় রাওয়ালপিন্ডিতে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. রাজেহ তামি আলবুগামিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির (মক্কা চুক্তি) আওতায় সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই দায়িত্ব পালন করবেন পাকিস্তানি সেনারা। তবে কতজন সেনা পাঠানো হয়েছে, তাদের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, কতদিন তারা সেখানে অবস্থান করবেন; কিংবা কবে সৌদি আরবে পৌঁছাবেন— এসব বিষয়ে কিছু জানায়নি পাকিস্তানের সামরিক বাহিনী।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব এখন ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে এ পরিস্থিতি সৃষ্টি হয়। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে আঞ্চলিক মিত্রদের সহায়তা নিচ্ছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মিসর ও সিরিয়া। হুতিদের এসব হামলার কয়েকটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
ইয়েমেনের গৃহযুদ্ধে এক দশক ধরে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরব। এ লড়াইয়ে দেশটি দক্ষিণ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। তবে রাজধানী সানাসহ ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো এখন হুতিদের নিয়ন্ত্রণে।
চলতি গ্রীষ্মে হুতি বিদ্রোহী ও সৌদিসমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবেও সরাসরি প্রাণঘাতী হামলা চালিয়েছে। পাশাপাশি দেশটির জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছে। এসব কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিস্তৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
গত কয়েক মাসে বিদ্রোহীরা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ভূখণ্ড দখল করেছে। সরকারপন্থী বাহিনীর কাছ থেকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
পাশাপাশি সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশটির তেল রপ্তানি ব্যাহত করার সক্ষমতা আরও বেড়েছে হুতিদের। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং ইরানের দরকষাকষির ক্ষমতাও শক্তিশালী হয়েছে।
ইসলামাবাদের পক্ষ থেকে বিরল এ ঘোষণা এসেছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের বৈঠকের দুদিন পর। ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে তিন দেশই ত্রিপক্ষীয় চুক্তির আওতায় সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর হামলাকে বাকি দুদেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক চেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছে দেশ তিনটি। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। এতে ঘোষণা দেওয়া হয়, কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। দেশগুলো চুক্তিটিকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছে এবং জানিয়েছে, এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে নয়।
ইসলামাবাদ বারবার বলেছে, প্রতিবেশী ইরানসহ কোনো দেশের বিরুদ্ধে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করা হয়নি। সৌদি আরবে কয়েক দশক ধরে পাকিস্তানি সেনাদের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এই চুক্তি হয়েছে। ১৯৮০-এর দশকের শুরু থেকে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে দেশটিতে অজ্ঞাতসংখ্যক পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে।
পাকিস্তানের এ ঘোষণার এক মাসের কিছু বেশি সময় আগে মিসরও জানিয়েছিল, হুতি হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় তারা সামরিক সহায়তা দেবে। তবে সে সময় বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের পবিত্র দুই মসজিদ রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘নতুন নিরাপত্তা উদ্বেগের’ মুখে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সেনা মোতায়েন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্মত অঙ্গীকার ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতিষ্ঠিত কাঠামোর আওতায় সেনারা সৌদি আরবের ভূখণ্ডের ভেতরে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে।’ এতে আরও বলা হয়, ‘নতুন নিরাপত্তা উদ্বেগের মুখে এই সেনা মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে সহায়তা করবে।’
গ্রীষ্মে উত্তেজনা বৃদ্ধির পর থেকে মক্কা ও মদিনার দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ার জন্য হুতিদের দায়ী করে আসছে সৌদি আরব। তবে ইসলামের পবিত্র এই দুই শহরে হামলার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে হুতিরা।
এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছিলেন, হুতি হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান ‘যেকোনো উপায়’ অবলম্বন করবে।
যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের অবসানে আবার আলোচনায় ফেরাতে কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। গত জুনে দুদেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতায় মধ্যস্থতা করেছিল ইসলামাবাদ।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস



