সংঘাতের রাজনীতি পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে
রাজনৈতিক দলগুলোকে কোনো ধরনের সংঘাত ও রক্তপাতে না জড়িয়ে সমঝোতার রাজনীতি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা অনেক রক্তপাতের মধ্য দিয়ে এ দেশ পেয়েছি, আর কোনো রক্তপাত দেখতে চাই না। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, সেই গণতন্ত্র রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে চাই।’
আজ রবিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজের জেলায় গেলেন মির্জা ফখরুল।
সব ধর্মের মানুষের সম্প্রীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। সবাই যেন একসঙ্গে স্বাধীন বাংলাদেশের সমান নাগরিক হিসেবে শান্তিতে বেঁচে থাকতে পারে, সেটাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা নিজস্ব রাজনীতি ও মতবাদ প্রচার করুন; কিন্তু হানাহানি বা সংঘর্ষ থেকে দূরে থাকুন। আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক চর্চা চালানো উচিত। কারণ গণতন্ত্রের প্রধান ভিত্তিই হলো সহিষ্ণুতা। আমাদের এই সহিষ্ণুতার মনোভাব নিয়েই এগিয়ে যেতে হবে।’
তিনি যোগ করেন, সততা ও নিষ্ঠার সঙ্গে যারা মানুষের কল্যাণে কাজ করে, দেশ তাদের পাশে থাকবে। এখন মূল লক্ষ্য হওয়া উচিত কীভাবে দেশের দারিদ্র্য ও অভাব দূর করা যায় এবং শিক্ষার মান উন্নত করা যায়।
নিজের জন্মভূমির স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমার জন্ম ও শৈশব এখানে। এ মাটির শিক্ষকরাই আমাকে গড়ে তুলেছেন। আমি যেখানেই থাকি না কেন, ঠাকুরগাঁওয়ের মানুষের পাশে থাকব। কখনো ভাববেন না দূরে চলে গেছি।’
তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘জীবনের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করে যাব।’





