দীপন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ হাসান মারা গেছেন

মাহমুদ হাসান। ছবি: সংগৃহীত
দীপন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ হাসান মারা গেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
স্বজনরা জানিয়েছেন, মরহুম মাহমুদ হাসানের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।
গ্রুপের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থনা করা হয়েছে।
একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এ কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্যও দোয়া করা হয়েছে।
মাহমুদ হাসান মাত্র ২৬ বছর বয়সে ১৯৭০ সালে দীপন গ্যাস কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে পাইপলাইন নির্মাণ ব্যবসা থেকে প্রতিষ্ঠানটি আজ একটি বহুমুখী শিল্প গ্রুপে রূপান্তরিত হয়েছে।
জ্বালানি খাত, তেল ও গ্যাস প্রসেস প্ল্যান্টের ইপিসি সেবা এবং গ্যাস গ্রিড লাইন নির্মাণের ক্ষেত্রে এই গ্রুপটি দেশের শীর্ষস্থানীয়।
বাংলাদেশ ছাড়াও ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশগুলোয় গ্রুপের কার্যক্রম ও ব্যবসা রয়েছে।



