ডেঙ্গু মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণে ১৬০০ চিকিৎসক

‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
সারাদেশে মানসম্মত ডেঙ্গু সেবা পৌঁছে দিতে একযোগে ৪০টি জেলায় ১ হাজার ৬০০ জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, চিকিৎসা বা ব্যবস্থাপনার ভুলে যেন কোনো ডেঙ্গু রোগীর প্রাণ না যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। ডেঙ্গুর বিজ্ঞানভিত্তিক চিকিৎসায় চিকিৎসকদের দক্ষ করে তুলে মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য।
তিনি জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এ পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের ভিড় সত্ত্বেও চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ইতিপূর্বে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ জন রোগী। আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশ রোগীকে সুস্থ করে তোলার জন্য তিনি স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেছেন, শুধু আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠতে পারে না। তাই তথ্য ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে সংকট মোকাবিলা করা হচ্ছে।
একই সঙ্গে চিকিৎসকদের সামাজিক সুরক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, সেবাদাতাদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়েই স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত সংস্কার এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকরা এই দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করছেন। মূল কর্মসূচির আগে প্রায় সাড়ে ৩০০ জ্যেষ্ঠ চিকিৎসককে মাস্টার ট্রেইনার হিসেবে প্রস্তুত করা হয়, যারা এখন ৪০টি জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করছেন।



