হাম উপসর্গে ২, ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ছবি- ফোকাস বাংলা
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে ১ হাজার ৩৪৩ শিশু মারা গেছে। অন্যদিকে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে ৫১৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম ও ডেঙ্গু-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।
হাম বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুই শিশু মারা গেছে। তার মধ্যে ঢাকা বিভাগে এক এবং খুলনা বিভাগে এক শিশু রয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২৩৮ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ ছাড়া নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৮৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৬০ জন।
এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩, চট্টগ্রাম বিভাগে ২৫৫, খুলনা বিভাগে ২২৭, রাজশাহী বিভাগে ১৪৬, রংপুর বিভাগে ৬৪ এবং বরিশাল বিভাগে ১৪৫ জন রয়েছেন।
চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে চলতি বছর এ পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।
২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।




