হামের রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

ছবি: এআই
চিকিৎসা প্রটোকল হলো স্বাস্থ্যসেবার রোডম্যাপ। চিকিৎসা প্রটোকল না থাকলে রোগীর ঝুঁকি বাড়ে, ব্যাহত হয় স্বাস্থ্য সেবার মান। দেশে হামের জন্য চিকিৎসা প্রটোকল না থাকায় হামের রোগী সামলানো কঠিন হচ্ছে, মৃত্যুর ঘটনাও বেশি হচ্ছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
তারা বলছেন, প্রটোকল না থাকলে একই রোগের জন্য একেক চিকিৎসকের আলাদা ধরনের চিকিৎসা দেওয়ার সম্ভাবনা থাকে। জরুরি পরিস্থিতিতে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলে রোগীর অবস্থা খারাপ হতে পারে। হামের ক্ষেত্রেও এমনটা হচ্ছে কী না খতিয়ে দেখা দরকার।
রাজধানীতে হামের চিকিৎসা দেয় এমন দুটো হাসপাতালের বিশেষজ্ঞরা বলছেন, হামের রোগীকে কখন রেফার করা হবে এই বিষয়টা প্রটোকল দিয়ে নির্ধারণ করা প্রয়োজন ছিল। তারা অনেক রোগীদের এমন অবস্থায় পাচ্ছেন, যখন চিকিৎসা দেওয়ার সুযোগ খুব সীমিত থাকে। ঠিক সময়ে রেফার হচ্ছে না বলে তাদের দাবি। এর পাশাপাশি, হামের মতো সংক্রামক রোগে একীভূত প্রটোকল না থাকলে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও নজরদারিতে সমস্যা হয়। হামের রোগীদের ব্যবস্থাপনায় চিকিৎসকেরা অনেক সময় হিমশিম খান বলেও জানান তারা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে হামে শিশুমৃত্যু কমাতে চিকিৎসা প্রটোকল খুব প্রয়োজন ছিল। সরকারের সদিচ্ছা থাকলে হামের জরুরি পরিস্থিতি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এটি তৈরি করা সম্ভব।
শিশুদের জন্য দেশের সবচেয়ে বড় হাসপাতাল বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকস বিভাগের প্রধান চিকিৎসক মো. মাহবুবুল হক বললেন, হাম নিয়ে ভর্তি হওয়া এই হাসপাতালে বেশিরভাগ রোগীর অবস্থাই থাকে সংকটাপন্ন। এসব শিশুকে দেরি করে নিয়ে আসা হয় হাসপাতালে। পাশাপাশি রোগীদের ঠিক সময়ে রেফার করা হয় কি না, তাও দেখা দরকার।




