১২১ শতাংশ টিকা, তবু হামে ১ হাজার ৩১৪ মৃত্যু
- ২৪ ঘণ্টায় হামে আটজনের মৃত্যু, ডেঙ্গুতে আটজন
- টিকাদানে দীর্ঘদিনের ঘাটতি
- টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণে অসংগতি ও পুষ্টিহীনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা

গ্রাফিকস: আগামীর সময়
একটি শিশুর জ্বর এসেছে। প্রথমে পরিবারের সদস্যরা ভেবেছেন সাধারণ জ্বর। কয়েক দিন পর শরীরে দেখা দিয়েছে লালচে ফুসকুড়ি। চোখ লাল, কাশি আর শ্বাসকষ্টে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে শিশুটি। পরিবারের লোকজন যখন হাসপাতালে ছুটেছেন, তখন হয়তো রোগটি শরীরের ভেতরে অনেক দূর এগিয়ে গেছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, স্বজনরা অপেক্ষা করছেন। কোনো কোনো পরিবারের কাছে হাসপাতালের সেই অপেক্ষাই হয়ে উঠছে সন্তানের জীবনের শেষ সময়।
এমন দৃশ্য এখন দেশের বিভিন্ন হাসপাতালের হাম ওয়ার্ডে। যে রোগের প্রতিরোধে কয়েক দশক ধরেই কার্যকর টিকা রয়েছে, সেই হামেই চলতি বছর দেশে প্রাণ হারিয়েছে ১ হাজার ৩১৪ জন। আক্রান্ত হচ্ছে শত শত শিশু, প্রতিদিন বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই মৃত্যুর বড় অংশই ঘটছে হামের উপসর্গ নিয়ে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০২৬ সালের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে। কাগজে-কলমে টিকাদানের হার ১২১ দশমিক ১ শতাংশ। তাহলে এত টিকা দেওয়ার পরও কেন থামছে না শিশুদের মৃত্যু? কোথায় রয়ে গেছে সুরক্ষার ফাঁক? টিকাদানে সাফল্যের দাবি আর হাসপাতালের মৃত্যুর হিসাবের মধ্যে এই বিশাল ব্যবধানই এখন জনস্বাস্থ্যে সবচেয়ে বড় প্রশ্ন।
বিশেষজ্ঞদের মতে, হামের এই পরিস্থিতি মোকাবিলায় শুধু বিশেষ টিকাদান কর্মসূচির সাফল্য প্রচার যথেষ্ট নয়। প্রথমে প্রকৃত টিকাবঞ্চিত শিশুদের শনাক্ত করতে হবে। বয়স ও এলাকাভিত্তিক টিকাদানের তথ্য যাচাই করে বাদ পড়া জনগোষ্ঠীকে কর্মসূচির আওতায় আনতে হবে। পাশাপাশি পর্যাপ্ত টিকার সরবরাহ, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দরিদ্র ও অপুষ্টিতে ভোগা শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়া, পর্যবেক্ষণে রাখা এবং পুষ্টি সহায়তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪: স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রবিবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন। হামে মারা গেছে আরও ১০৫ জন। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৪ জন। পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ১৫৮ জনের। ১৫ মার্চ থেকে গতকাল সকাল পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬২ জন। পরীক্ষায় নিশ্চিত আক্রান্ত ২৫ হাজার ২৬৯ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন।
তবে সরকারি এই হিসাবেও প্রকৃত চিত্র উঠে আসছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ, সব সন্দেহজনক রোগীর পরীক্ষা হচ্ছে না। আবার সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতাল কিংবা বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীদের তথ্যও হিসাবের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মেডিসিন বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী বললেন, উপসর্গ নিয়ে মৃত্যু এবং পরীক্ষায় নিশ্চিত মৃত্যুর আলাদা হিসাব রাখা হলেও সব রোগীকে পরীক্ষার আওতায় আনতে না পারা কর্তৃপক্ষের ব্যর্থতা। এতে প্রকৃত পরিস্থিতি নিরূপণ কঠিন হয়ে পড়ছে। সরকারি হিসাবের বাইরে থাকা রোগীদের বিবেচনায় নিলে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
১২১ শতাংশ টিকা, কিন্তু সুরক্ষার বাইরে কারা?
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০২৬ সালের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে আট বিভাগে লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। বিপরীতে টিকা দেওয়া হয়েছে ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৮৭৮ ডোজ। কভারেজ দেখানো হয়েছে ১২১ দশমিক ১ শতাংশ। কিন্তু বাস্তবে মৃত্যুর মিছিল থামছে না।
পুষ্টিহীন শরীরে হামের ভয়াবহতা
টিকা না পাওয়ার পাশাপাশি শিশুদের পুষ্টিহীনতাও মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাম আক্রান্ত শিশুর শরীর আগে থেকেই অপুষ্টিতে ভুগলে রোগের তীব্রতা মোকাবিলা করার সক্ষমতা কমে যায়। ফলে নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। লেলিন চৌধুরী বললেন, শুধু টিকা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করা এবং জনগোষ্ঠীর রোগ প্রতিরোধক্ষমতা নিয়ে গবেষণাও প্রয়োজন।
দরিদ্র শিশুর জন্য হাসপাতালই নিরাপদ আশ্রয়
অনেক পরিবারের পক্ষে আক্রান্ত শিশুর সার্বক্ষণিক পরিচর্যা, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন। ফলে বাড়িতে চিকিৎসা নিতে গিয়ে শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেছেন, ১৫ বছর বয়স পর্যন্ত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা গেলে এক-দেড় মাসের মধ্যে সংক্রমণ কমতে শুরু করতে পারে। তবে এজন্য টিকাদান কার্যক্রমের পাশাপাশি আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাও জরুরি।
মুশতাকের মতে, ঘনবসতিপূর্ণ এলাকার দরিদ্র ও পুষ্টিহীনতায় ভোগা শিশুদের হাম হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা দ্বিতীয় স্তরের হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। চিকিৎসার পাশাপাশি নিশ্চিত করতে হবে পুষ্টিকর খাবার। অপুষ্টি, বায়ুদূষণ, পানিদূষণসহ অন্যান্য সংক্রমণ হামের জটিলতা বাড়াতে পারে।



