‘১৩ বছর চাকরি করেও বেতন ১৬ হাজার, এই টাকায় সংসার চলে?’

সংগৃহীত ছবি
১৩ বছর ধরে পোশাক কারখানায় কাজ করছেন সম্পা আক্তার। মাস শেষে বেতন পান ১৫ হাজার ৯৩৫ টাকা। নিজের চিকিৎসা, চার সদস্যের সংসার আর প্রতিবন্ধী ছোট ভাইয়ের দায়িত্ব সামলাতে এই টাকায় হিমশিম খেতে হয় তাকে।
জলি আক্তারের মাসিক বেতন ১৬ হাজার ৭৫৬ টাকা। অসুস্থ বাবা ১০ বছর ধরে শয্যাশায়ী। স্বামী চাকরি হারানোর পর এখন দিনমজুরি করেন। তিন মাস ধরে অসুস্থ বাবার কাছে টাকাও পাঠাতে পারছেন না।
অন্যদিকে মুক্তা আক্তারের বেতন ১৭ হাজার ৪০০ টাকা। সাত সদস্যের সংসার। তার স্বামী দুই বছর ধরে বিদেশে থাকলেও দালালের প্রতারণায় আয় করতে পারছেন না। নিজের উপার্জনে সন্তানদের ভালো স্কুলে পড়ানো তো দূরের কথা, পুষ্টিকর খাবার কিনতেও কষ্ট হয় তার।
এই তিন শ্রমিকের মতো অনেকেরই মাস শেষে বেতন হাতে পাওয়ার পর হিসাব মেলে না। তাদের প্রশ্ন, বছরের পর বছর কারখানায় কাজ করেও কেন বাঁচার মতো মজুরি পাওয়া যাবে না?
আজ শনিবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ন্যূনতম মজুরি নির্ধারণে কারখানা পর্যায়ের ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে মজুরি বোর্ডের মতবিনিময় সভায় এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন শ্রমিকরা।
তাদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে স্বাধীন ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা, ইউনিয়ন করতে গিয়ে ছাঁটাই ও হয়রানি বন্ধ এবং শ্রমিকদের দাবি তুলে ধরার পরিবেশ তৈরি করতে হবে।
মতবিনিময় সভায় ঢাকা বিভাগের ৬০টির বেশি কারখানার ইউনিয়ন প্রতিনিধি অংশ নেন। সভায় ফাউনটেন্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সম্মিলিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি আক্তার বলেন, ‘২০১৫ সাল থেকে কারখানার কোয়ালিটি বিভাগে গ্রেড-১ পদে কাজ করছি। প্রায় ১০ বছর চাকরি করার পরও মাসিক বেতন ১৬ হাজার ৭৫৬ টাকা। এই বেতনে নিজের সংসার, অসুস্থ বাবা ও সন্তানের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে।’
আরমানা লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পা আক্তার বলেন, ‘আমি চাকরি করি ১৩-১৪ বছর একই ফ্যাক্টরিতে। নিজের ওষুধ কিনতে মাসে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়।’ তার প্রশ্ন, এই বেতনে নিজের ও পরিবারের জীবন কীভাবে চলবে?
মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিয়েও সভায় কথা বলেন শ্রমিক প্রতিনিধি আনোয়ারা বেগম। তার অভিযোগ, ট্রেড ইউনিয়ন গঠনে বাঁধা দেওয়া হয়, ইউনিয়ন করার কারণে শ্রমিকদের ছাঁটাই করা হয় এবং ইউনিয়ন কমিটির সদস্যদের কারখানার বাইরে রাখা হয়।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও পোশাকশ্রমিকদের মজুরির বৈষম্য তুলে ধরেন শ্রমিক প্রতিনিধি আলামিন। বলেন, সরকারি চাকরিজীবীরা যেই মার্কেট থেকে বাজার করেন, আমরাও সেই মার্কেট থেকে বাজার করি। তাদের বেতন বেড়েছে শতভাগের বেশি। তাহলে আমাদের বেতন কেন বাড়বে না?
মজুরি আন্দোলনে শ্রমিকদের ওপর হামলা এবং তাদের রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত করার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। শ্রমিকদের দাবিকে রাজনৈতিক ট্যাগ না দিয়ে তাদের বাস্তব সমস্যা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালে যখন মজুরি আন্দোলন হয় তখন ফ্যাসিস্ট সরকার একটা ট্যাগ দিল যে এটা বিএনপি-জামায়াতের কাজ। ২০২৬ সালে এখন শ্রমিকরা ন্যায্য মজুরি চাচ্ছে, এখন বলা হচ্ছে এরা ফ্যাসিস্টদের দোসর।
গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি এলায়েন্সের আহ্বায়ক নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন— শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদি শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ গার্মেন্টস ও ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার প্রমুখ।





