এবার জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড

সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাক হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, ‘আমার ফোন নম্বরটি হ্যাক হয়েছে। আমি কোন অর্থ সাহায্য চাচ্ছি না। এ ধরণের অনুরোধ উপেক্ষা করুন। ধন্যবাদ।’
২০২৪ সালের ১৬ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিযুক্ত হন মুহাম্মদ ফাওজুল কবির খান। বর্তমানে তিনি একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এদিকে, এর আগে নারী ইস্যুতে মাইক্রো ব্লগিং সাইট এক্সে জামায়াত আমিরের এক বার্তায় তোলপাড় সৃষ্টি হয়। যদিও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, ষড়যন্ত্রকারীরা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতে জ্বালানি উপদেষ্টার মোবাইল নম্বর হ্যাক হওয়ার ঘটনা ঘটল।



