গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

গাম্বিয়ার আইনমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গাম্বিয়ার সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে যাওয়ার পর বাংলাদেশে এলএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়। দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে মালদ্বীপের সঙ্গেও।
জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি বিশেষ পররাষ্ট্রমন্ত্রী পরিষদ (সিএফএম) সম্মেলনে অংশ নিতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সম্মেলনের পার্শ্ব বৈঠকে তিন দেশের প্রতিনিধিদের সঙ্গে এসব আলোচনা হয় প্রতিমন্ত্রীর।
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা
গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী ডাউদা এ. জালোর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে ডাউদা এ. জালো জানান, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আইসিজেতে চলমান মামলার রায় ২০২৬ সালের অক্টোবরে হতে পারে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গাদের জন্য আইসিজেতে জবাবদিহি নিশ্চিত করতে গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেন হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক এজেন্ডায় গুরুত্বের সঙ্গে ধরে রাখতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সময়ে এ সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের মাধ্যমে সংকটের একটি সামগ্রিক ও টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেন।
কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ
এদিকে কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় কাতারের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন হুমায়ুন কবির। সংলাপ ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বৈঠকে হুমায়ুন কবির বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার পর নৌ চলাচল স্বাভাবিক হলে বাংলাদেশে এলএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। জবাবে কাতারের প্রতিমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
কাতারের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়েও আলোচনা হয়।
মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ক আলোচনা
এ ছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন হুমায়ুন কবির। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন তারা।









