৬৮ কারাগারে নিরাপত্তা বাড়াতে ৭ নির্দেশনা

সংগৃহীত ছবি
দেশের ৬৮টি কারাগারের নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা নিশ্চিত করতে সাত নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে কারা অধিদপ্তর। একই সঙ্গে লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতিতে ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত কারা কর্মীদের এক কারাগার থেকে অন্য কারাগারে বদলির নির্দেশও দিয়েছে অধিদপ্তর।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর আগামীর সময়কে বললেন, সাত দফা নির্দেশনা বাস্তবায়নে কারা সদর দপ্তর থেকে নিয়মিত মনিটর করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে নানা ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। তারা যাতে কারাগারেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে সব কারাগারের কর্তৃপক্ষকে। দায়িত্বে অবহেলায় বিধি অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মেছবাহুল আলম সেলিম জানালেন, নিরাপত্তার বিষয়টি তদারকি কারা অধিদপ্তরের রুটিন ওয়ার্ক। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বিধি অনুসারে।



