‘সরকারি চাকুরে গ্যারান্টার’ শর্তে আটকে যায় এসএমইর ঋণ
- ঋণ দিতে দ্বিতীয় শর্ত উচ্চমূল্যের জামানত
- হয়রানির ভয়ে জামিনদার মেলা ভার
- নীতিমালায় না থাকলেও ব্যাংকের অলিখিত নিয়ম
- এসএমই উদ্যোক্তাদের ১০ শতাংশেরও কম ব্যাংকঋণ পান

গ্রাফিকস: আগামীর সময়
ঋণ নিতে গেলেই সামনে আসছে ‘সরকারি চাকরিজীবী জামিনদার’— এমন এক অলিখিত শর্ত। দেশের প্রচলিত ব্যাংকিং বা সরকারি ঋণ নীতিমালায় এ ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকলেও মাঠপর্যায়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের ঋণ বিতরণে এটি কার্যত অঘোষিত নিয়ম। এতে পুঁজির অভাবে ব্যবসা শুরু বা সম্প্রসারণ করতে পারছেন না প্রান্তিক নারী ও নতুন উদ্যোক্তাদের বড় একটি অংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে, দেশের সামগ্রিক অর্থনীতি ও জিডিপিতে সিএমএসএমই (কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি) খাতের অবদান প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ এবং দেশে এ খাতের উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ১৭ লাখের বেশি। অথচ বিশাল কর্মসংস্থান ও উৎপাদন ধরে রাখা এই খাতের উদ্যোক্তাদের ১০ শতাংশেরও কম সরাসরি ব্যাংকঋণ পান।
উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্টদের মতে, কাগজপত্র ও জামানতের জটিলতার পাশাপাশি ‘সরকারি চাকরিজীবী গ্যারান্টার’-এর শর্ত প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি করেছে। বিশেষ করে গ্রাম, চরাঞ্চল বা মফস্বলের একজন ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত নতুন তরুণের পারিবারিক বা পরিচিত বলয়ে সরকারি চাকরিজীবী থাকাটা অনেক ক্ষেত্রেই বাস্তবসম্মত নয়।
নারী উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে নারী উদ্যোক্তা বাংলাদেশ (ওয়েব) ফাউন্ডেশনের সভাপতি রুপা আহমেদ বললেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষ করে একজন প্রান্তিক নারী যখন ৫০ হাজার বা ১ লাখ টাকা পুঁজি নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চান, তখন তার কাছে আগে থেকেই চলমান ব্যবসা এবং সরকারি চাকরিজীবী গ্যারান্টার চাওয়া হয়। যিনি সবে কাজ শিখে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তিনি চলমান ব্যবসা বা সরকারি চাকরিজীবী গ্যারান্টার
কোথায় পাবেন? সামান্য পুঁজির অভাবে স্বপ্নটাকে ব্যবসা হিসেবে শুরুই করতে পারছেন না হাজারো নারী।
১৩তম জাতীয় এসএমই মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেও পাওয়া গেছে একই চিত্র। রংপুর ক্রাফটের স্বত্বাধিকারী স্বপ্না রানী সেনের আক্ষেপ, নীতিমালায় না থাকলেও ব্যাংক বা এনজিওর কাছে গেলে প্রথমেই জামিনদার হিসেবে সরকারি চাকুরে চায়। এটি ঋণপ্রাপ্তির ক্ষেত্রে একটি সংকট। অনেকেই ঋণ পান না।
জামানতের শর্তে থমকে যাওয়ার কথা জানিয়ে কুষ্টিয়া ক্রাফটের স্বত্বাধিকারী দেওয়ান আখতারুজ্জামানের ভাষ্য, ‘অনেকেই জামিনদারের ব্যবস্থা করতে পারে না, যার কারণে পায় না ঋণ। যে ব্যাংকেই গেছি, সেখানেই জামানতের কথা বলে। যার কারণে আমিসহ প্রান্তিক পর্যায়ে ছোট উদ্যোক্তারা ঋণ পাচ্ছি না।’
ঠাকুরগাঁও থেকে মেলায় শতরঞ্জিসহ নানা রকমের হাতে তৈরি পণ্য নিয়ে আসা অপরাজিতা বিডি ক্রাফটের স্বত্বাধিকারী সেলিনা বেগম ঋণের আলোচনা উঠলেই একই বাস্তবতার কথা জানান। জামানতবিহীন ঋণের বিষয়ে তার কোনো ইতিবাচক অভিজ্ঞতা নেই উল্লেখ করে বললেন, জামিনদার হিসেবেও সরকারি কর্মকর্তা ব্যাংকের প্রথম পছন্দ। মেলায় অংশ নেওয়া প্রায়
২০টি প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরের সঙ্গে কথা বলেও একই ধরনের অভিজ্ঞতা ও হতাশার চিত্র পাওয়া গেছে।
নীতিগত দিক থেকে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই ঋণ নীতিমালায় জামিনদার হিসেবে নির্দিষ্ট কোনো পেশার বাধ্যবাধকতা নেই। বরং আর্থিকভাবে সচ্ছল ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি— যেমন সচ্ছল ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবী বা পরিবারের উপার্জনক্ষম সদস্য— জামিনদার হতে পারেন।
তবে বাস্তবতা হলো, বর্তমান সময়ে ঋণগ্রহীতা কিস্তি খেলাপি করলে জামিনদারের ব্যাংক হিসাব জব্দ বা সিআইবি রিপোর্টে নাম আসার ঝুঁকি থাকায় কোনো সরকারি চাকরিজীবীই সহজে জামিনদার হতে রাজি হন না। অলিখিত এই শর্তের কারণে একদিকে উদ্যোক্তারা ঋণবঞ্চিত, অন্যদিকে চাকরিজীবীদেরও নানা ধরনের বিড়ম্বনা ও অনুরোধের মুখে পড়তে হচ্ছে।
সার্বিক অর্থায়ন সংকট ও সমাধানের পথ তুলে ধরে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বললেন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে এসএমই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জামানতের ঘাটতি, জটিল কাগজপত্র এবং ব্যবসার আনুষ্ঠানিক হিসাব না থাকায় অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংকঋণ থেকে বঞ্চিত। ছোট ঋণ যাচাই ও তদারকিতে ঋণের অঙ্কের তুলনায় বেশি খরচ হওয়ায় ব্যাংকগুলোর বড় গ্রাহকের দিকে ঝোঁকও এই সংকট বাড়ায়।
‘এই পরিস্থিতি বদলাতে ঋণ মূল্যায়নে ব্যবসার নগদ প্রবাহ ও পরিশোধের সক্ষমতাকে আরও গুরুত্ব দিতে হবে। আবেদনপ্রক্রিয়া সহজ করা, নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো এবং উদ্যোক্তাদের হিসাবরক্ষণে সহায়তা জরুরি। জামানতের সীমাবদ্ধতা কাটাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ঋণ গ্যারান্টি ব্যবস্থার কার্যকর ব্যবহারও বাড়াতে হবে। কত টাকা ঋণ বিতরণ হলো, তার পাশাপাশি কতজন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা সময়মতো অর্থায়ন পেলেন এবং ব্যবসা ও কর্মসংস্থান বাড়াতে পারলেন— সেই হিসাবেও ব্যাংকের সাফল্য মূল্যায়ন করা প্রয়োজন’— পরামর্শ দিলেন তিনি।



