যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়ার বিকল্প নেই : ইশরাক হোসেন

সংগৃহীত ছবি
ক্রীড়ার মাধ্যমে যুবসমাজের মধ্যে ছড়িয়ে পড়া মাদক সমস্যা দূর করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিতি বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
আজ শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত টেপবল বিসিএল-২০২৬ গ্র্যান্ড ফাইনালে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বললেন, ক্রীড়া আমাদের জাতীয় পরিচয়ের সঙ্গেও যুক্ত। আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের পরিচয় ক্রীড়ার মাধ্যমেও তুলে ধরা যায়। ১৯৭১ সালেও স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয়েছিল, যা মুক্তিযুদ্ধেও ভূমিকা রেখেছিল।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলছিলেন, ‘আমি মনে করি, আমরা একজন যোগ্য ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার খাত হচ্ছে ক্রীড়া।’
ইশরাক হোসেন আরও বলেছেন, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আমাদের দেশে অত্যন্ত সুপরিচিত। আমরাও চাই, বাংলাদেশ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বিশ্বদরবারে পরিচিতি লাভ করুক।
এ সময় উপস্থিত ছিলেন— যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতারা।





