জুলাই সনদ বাস্তবায়ন
সংবিধান সংশোধনে বসছে সিরিজ বৈঠক

প্রতীকী ছবি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনে অংশীজনদের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করতে যাচ্ছে জাতীয় সংসদ গঠিত ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’। ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এ স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। আগামী রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই মতবিনিময় সভা হবে। এরপর পর্যায়ক্রমে সব অংশীজনের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি। রাজনৈতিক ঐকমত্যে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিদ্যমান সংবিধানের যে বিষয়গুলোতে সংস্কার আনতে হবে, মোটাদাগে সে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে সেখানে। এসব বৈঠক শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংবিধান সংশোধনী বিল আনা হবে সংসদে। ক্ষমতাসীনরা বলছে, জনপ্রত্যাশা পূরণ ও রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে সংসদে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।
বিএনপি সরকার শুরু থেকেই বলে আসছে, রাজনৈতিক ঐকমত্যে সই করা জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তবে এজন্য সংবিধান সংশোধন প্রয়োজন। স্বাক্ষরিত জুলাই সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে সমঝোতার ভিত্তিতে তারা সংবিধান সংশোধন করবে।
এ অবস্থায় গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম ৈবঠক হয়। জুলাই জাতীয় সনদকে ধারণ ও বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে বিদ্যমান সংবিধান পুরোটা পর্যালোচনা এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত ও সংগ্রামী জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, রাজনৈতিক দল, পেশাজীবী এবং বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে সর্বজনীন মতামতের আলোকেই সংশোধনী সুপারিশ তৈরির সিদ্ধান্ত নেয় সংসদীয় বিশেষ কমিটি।
আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র দ্বিতীয় বৈঠকে অংশগ্রহণের ব্যাপারে এরই মধ্যে আমন্ত্রণ পেয়েছে গণতন্ত্র মঞ্চভুক্ত ভাসানী জনশক্তি পার্টি। এ তথ্য জানিয়ে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু আগামীর সময়কে বললেন, ‘আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। যেভাবেই হোক সনদ বাস্তবায়ন করতে হবে— এটা জনদাবি। ভাসানী জনশক্তি পার্টি বিশ্বাস করে, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশে দুর্নীতি-অনিয়ম থাকবে না।’
‘ভাসানী জনশক্তি পার্টি সনদের পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন চায়। এজন্য সংবিধানে প্রয়োজনীয় যে সংশোধন, সংেযাজন করা দরকার, সেটা যত দ্রুত সম্ভব করা হোক’— যোগ করেন তিনি।



