নিখোঁজ শিশুদের নিয়ে উদ্বেগ মহিলা পরিষদের

সংগৃহীত ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিশু নিখোঁজের ঘটনায় ৩০ হাজারের বেশি সাধারণ ডায়রি (জিডি) হয়েছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে চার হাজার শিশু। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটির বিবৃতিতে বলেছে, গণমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট থানা ও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সাত মাসে শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু। একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো সন্ধান পাওয়া যায়নি ১ হাজার ৯৭০ জনের।
দুই বয়সসীমার হিসাব মিলিয়ে দেখা যায়, সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ৩০ হাজার ৯৬০টি। এর মধ্যে ৪ হাজার ৮ শিশুর এখনো সন্ধান পাওয়া যায়নি।
মহিলা পরিষদ বলেছে, বাড়ির সামনে খেলতে গিয়ে, স্কুল থেকে ফেরার পথে, বিভিন্ন ধরনের প্রলোভনের শিকার হয়ে কিংবা অপরিচিত স্থানে গিয়ে পথ হারানোর কারণে শিশুরা
নিখোঁজ হচ্ছে। নিখোঁজ হওয়ার পর দীর্ঘদিন সন্ধান না পাওয়ায় অভিভাবকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে নিরাপত্তাহীনতা। সংগঠনটি মনে করে, একের পর এক শিশু নিখোঁজ ও গুমের ঘটনা সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করছে। দীর্ঘদিন নিখোঁজ থাকা শিশুরা কোনো পাচারচক্র বা অপরাধীচক্রের শিকার হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।





