কাটেনি সার সংকট ইরি-বোরোয়ও শঙ্কা
- নতুন ডিলার নিয়োগে অনিয়ম
- বেসরকারি খাতে আমদানির অনুমতিতে ধীরগতি
- সরকারি আমদানি নিয়ে জটিলতা

গ্রাফিকস: আগামীর সময়
জাতীয় খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি আসন্ন বোরো মৌসুম সামনে রেখে দেশের সার সরবরাহ শৃঙ্খলে দেখা দিয়েছে মারাত্মক অনিশ্চয়তা। বছরে দানাদার খাদ্যশস্য উৎপাদনের অর্ধেকেরও বেশি জোগানো এই গুরুত্বপূর্ণ সময়ে সারের পর্যাপ্ততা না মিললে সার্বিক খাদ্য উৎপাদন বড় ধরনের হুমকির মুখে পড়বে বলে সতর্ক করছেন কৃষি বিশেষজ্ঞরা। সরকারি পর্যায়ে সারের পর্যাপ্ত মজুদের দাবি করা হলেও নীতিগত ধোঁয়াশা, এলসি বিলম্ব, বিতরণ ব্যবস্থার ত্রুটি, ডিলারশিপের রাজনৈতিক ব্যবহার এবং পরিবহন ঠিকাদারদের গাফিলতিতে সারা দেশের কৃষি খাতে ঘনীভূত হচ্ছে এক ভয়াবহ সংকট।
দেশে বছরে মোট রাসায়নিক সারের চাহিদা ৬৮ থেকে ৭০ লাখ টন, যার প্রায় ৬০ শতাংশের বেশি ব্যবহৃত হয় শুধু ইরি-বোরো মৌসুমে। কিন্তু বেসরকারি খাতের ৯ দশমিক ৫ লাখ টন সার আমদানির অনুমোদন মিলতেই গড়িয়েছে অনেক সময়। আন্তর্জাতিক বাজার থেকে সার কিনে দেশের বাফার গুদাম বা কৃষকের হাত পর্যন্ত পৌঁছাতে দুই থেকে তিন মাস সময় লাগে। এই দীর্ঘসূত্রতার কারণে বোরো মৌসুমের শুরুতেই বাজারে তীব্র সংকট ও সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা প্রবল।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলাম খান সরকারি-বেসরকারি আমদানির চিত্র তুলে ধরে সারের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করলেও, মাঠপর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত ও পীড়াদায়ক। দেশে আধুনিক ও পর্যাপ্ত বাফার গুদাম না থাকায় আমদানি করা সারের বিশাল অংশ খোলা আকাশে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। এতে সারের গুণগত মান যেমন নষ্ট হয়, তেমনি বৃষ্টি ও আর্দ্রতায় তা জমাট বেঁধে যায়। তা ছাড়া গুদাম থেকে জেলা-উপজেলা পর্যায়ে সার পরিবহনের ক্ষেত্রে ঠিকাদারদের সিন্ডিকেট এবং অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার ত্রুটির কারণে সময়মতো প্রান্তিক কৃষকের হাতে সার পৌঁছায় না।
কাগজে-কলমে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও মাঠপর্যায়ে প্রান্তিক কৃষকের ভোগান্তি পৌঁছেছে চরম সীমায়। অনেক স্থানে ডিলাররা ‘সার নেই’ বলে গুদাম বন্ধ রাখছেন, অথচ রাতের আঁধারে সেই সারই বস্তাপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দামে খোলাবাজারে বা অসাধু খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আলুর জমিতে সার প্রয়োগের সঠিক সময় চলে গেলেও সময়মতো টিএসপি বা ডিএপি না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন চাষিরা। সারের জন্য একাধিক স্থানে কৃষকদের ক্ষোভ প্রকাশ এবং হট্টগোলের খবরও আসছে স্থানীয় কৃষি অফিসে বা গুদামে।
সারের বাজারে চলমান অস্থিরতার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে কৃষি মন্ত্রণালয়ের তড়িঘড়ি নেওয়া ডিলারশিপ নীতি। আগে প্রতি ইউনিয়নে একজন মূল ডিলার এবং ৯ জন খুচরা বিক্রেতা থাকলেও, নতুন নীতিতে প্রতিটি ইউনিয়নে ডিলারসংখ্যা উন্নীত করা হয়েছে দুজনে। এতে দেশের প্রায় ৪৫ হাজার নিবন্ধিত খুচরা বিক্রেতার ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। উপরন্তু ডিলার নিয়োগে স্থানীয় রাজনীতি, স্বজনপ্রীতি ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ব্যাপকভাবে।
সারের নতুন এই নীতি ও ডিলার নিয়োগের নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘বাছাই কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি না রেখে দ্রুততার সঙ্গে ডিলারশিপ বণ্টন করায় অনেক অসচ্ছল ও অনভিজ্ঞ ব্যক্তি সুযোগ পেয়েছেন। বিএডিসির বীজ ডিলারদের সারের অনুমোদন দেওয়ার পরিকল্পনায় ইউনিয়নে মোট ডিলারসংখ্যা তিনজনে দাঁড়াবে, যা ব্যবসায়িক খরচ বাড়িয়ে অনিয়মের সুযোগ তৈরি করবে। আর্থিক সংকটে থাকা এসব অনভিজ্ঞ ডিলার ডিও বাইরে বিক্রি করে দেওয়া বা রাজনৈতিক প্রভাব খাটানোর ঝুঁকিতে রয়েছেন। তাদের সামাল দিতে গিয়ে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের হিমশিম খেতে হবে এবং নতুন ব্যবস্থাপনাগত সংকট তৈরি হবে।’
সার সরবরাহ ব্যবস্থার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে জি-টু-জি চুক্তির আওতায় বিএডিসির মাধ্যমে মরক্কো ও সৌদি আরব থেকে টিএসপি ও ডিএপি সার আমদানির ক্ষেত্রে। ‘ডেইলি ট্রেডিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০টি লটে ৩ লাখ ৮০ হাজার টন সার পরিবহনের কার্যাদেশ দেওয়া হলেও, নির্ধারিত সময়সীমা বা ‘লে-ক্যান’ পার হয়ে যাওয়ার পরও বেশিরভাগ জাহাজের অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য দিতে পারছে না বিএডিসি। প্রথম আটটি লটের পরিবহন সময়সীমা গত ২৭ সেপ্টেম্বর শেষ হলেও জাহাজগুলো আদৌ লোডিং পোর্টে পৌঁছেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পরিবহন পর্যায়ে এই অনিয়ম ও উদাসীনতা চলতে থাকলে বোরো মৌসুমে চরম বিপদে পড়বেন কৃষক। এ বিষয়ে বিএডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যানেজার (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রশ্ন শুনে ফোন কেটে দেন। আর ফোন ধরেননি।
চলমান সংকটকে শুধু কৃষকদের ‘অতিরিক্ত ব্যবহারের’ অজুহাত হিসেবে দেখতে নারাজ কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। সারের চাহিদার প্রকৃত চিত্র তুলে ধরে তিনি বললেন, ‘বিগত দুই বছর সরকারিভাবে সারের চাহিদা বাস্তবের চেয়ে কম প্রাক্কলন করা হয়েছে, যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় ধারাবাহিকভাবে সার ব্যবহারের পরিসংখ্যানে নিম্নগতির মাধ্যমে। অথচ প্রতি বছরই সারের ব্যবহার বৃদ্ধির কথা। তহবিল সংকট বা মূল্যবৃদ্ধির যে কারণেই হোক, সরকার কৃষকের প্রকৃত চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। আমাদের শস্য নিবিড়তা ২০০ শতাংশের বেশি হওয়ায়, একই জমিতে একাধিক ফসল ফলাতে কৃষকের বেশি সার লাগাই স্বাভাবিক। কিন্তু বিতরণ ব্যবস্থার অদক্ষতা ও সরবরাহের মৌলিক ত্রুটি দূর করা না গেলে আসন্ন বোরো মৌসুমে কৃষক তীব্র সংকটে পড়বেন।’
সরকারি আশ্বাসের ফাঁকা বুলি আর প্রশাসনিক জটিলতার আবর্তে পড়ছেন দেশের মেহনতি কৃষক। রবি ও বোরো মৌসুমে খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে হলে অবিলম্বে অনভিজ্ঞ ডিলারদের তদারকি, পরিবহন সিন্ডিকেট ভাঙা এবং প্রতিটি জেলা-উপজেলায় ন্যায্যমূল্যে সারের নিরবচ্ছিন্ন বণ্টন নিশ্চিত করা এখন সময়ের দাবি।



