কথাসাহিত্যিক মঞ্জু সরকারের জন্মদিনে গ্রন্থোৎসব

সংগৃহীত ছবি
‘সাহিত্যিক হিসেবে মনে হয় কিঞ্চিৎ সাফল্য লাভ করেছি। সেটা এই প্রকাশনা উৎসব, তাও আবার আমার জন্মদিনে। কিন্তু এই কিঞ্চিৎ সাফল্যের পেছনে কিছুটা ব্যর্থতাও রয়েছে। এখন নিজেকে ব্যর্থ লেখক মনে হয়। বই লিখে জানতে পারি না পাঠকরা কীভাবে নিচ্ছেন। একসময় আমার অনেক বই দুই হাজার কপি পর্যন্ত ছাপা হতো, এখন একটি বই ছাপা হয় ২০০-৩০০ কপি। কয়েক বছরেও সেগুলো বিক্রি হয় না।’
নিজের ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত গ্রন্থোৎসবে দেশের বই ও পাঠক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেছেন কথাসাহিত্যিক মঞ্জু সরকার।
তিনি জানালেন, স্বাধীনতার পর যে সাহিত্যচর্চার স্বপ্ন নিয়ে লেখকজীবন শুরু করেছিলেন, সময়ের সঙ্গে সেই পরিসর সংকুচিত হয়েছে। এই সংকটকে ব্যর্থতার শেষ হিসেবে দেখেন না তিনি। বরং বারবার চেষ্টা করে যাওয়াকেই লেখকের জীবন ও ভালোবাসা বলে মনে করেন।
কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গ্রন্থোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে প্রকাশনা প্রতিষ্ঠান অনুপ্রাণনের আয়োজনে এ অনুষ্ঠানে মঞ্জু সরকারের গল্পসংকলন ‘শখের বাগানে সাপ’ ও উপন্যাস ‘নিয়ন্ত্রক’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মঞ্জু সরকারের দুটি গ্রন্থ নিয়ে আলোচনা করেন গবেষক ও প্রকাশক মফিদুল হক, শিক্ষাবিদ ও লেখক খালিকুজ্জামান ইলিয়াস, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ মুফাদ আহমেদ, কথাসাহিত্যিক নাসিমা আনিস এবং নাট্যকার, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার গিয়াসউদ্দিন সেলিম।
শুভেচ্ছা বক্তব্য দেন কথাসাহিত্যিক মঞ্জু সরকার। স্বাগত বক্তব্য দেন সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক মনি হায়দার। সংগীত পরিচালনা করেন অনুপম কুমার পাল।
মঞ্জু সরকারের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে— ‘নিয়ন্ত্রক’, ‘উজানযাত্রা’, ‘অচল ঘাটের আখ্যান’, ‘অন্তর্দাহ’, ‘বরপুত্র’, ‘আবাসভূমি’, ‘অবগুণ্ঠন’, ‘দাঁড়াবার জায়গা’, ‘লেখক’, ‘প্রতিমা উপাখ্যান’, ‘দাম্পত্য বিলাস’, ‘তমস’ ও ‘নগ্ন আগন্তুক’। ছোটগল্পের বইগুলো হলো— ‘অবিনাশী আয়োজন’, ‘মৃত্যুবাণ’, ‘উচ্ছেদ উচ্ছেদ খেলা’, ‘রূপান্তরের গল্পগাথা’, ‘অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প’ ও ‘ডিজিটাল দেশের কৃষ্ণবিবর’। শিশু-কিশোর সাহিত্যের উল্লেখযোগ্য বইগুলো হলো— ‘ছোট্ট এক বীরপুরুষ’, ‘নান্টুর মেলা দেখা’, ‘আয়না পরির উড়াল’, ‘যুদ্ধে যাওয়ার সময়’ ও ‘ডিজিটাল দীপু ও মুক্তিযোদ্ধা দাদু’। ব্যক্তিগত নিবন্ধের বই ‘পথে নেমে পথ খোঁজা’।







