সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংগৃহীত ছবি
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও দর্শন ধারণ করার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং ট্রেজারার শাহিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজী।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কবি নজরুল তার লেখনী ও সৃষ্টির মাধ্যমে শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলেন এবং তার সাহিত্যে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মাদরাসা শিক্ষার্থীদের সাহিত্য চর্চা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় জীবনে কবির সৃষ্টির গুরুত্ব উপলব্ধি করে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছিলেন।
এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, ফাজিল ও কামিলকে মাস্টার্সের মান দিয়ে এই বিশ্ববিদ্যালয় সূচনা করার মাধ্যমে ইসলাম ও মাদরাসা শিক্ষার প্রতি তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে সরকার সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ আবু জাফর উল্লেখ করেন, সাম্যের এই কবির স্মরণে এবং শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংস্কৃতির উন্মেষ ঘটাতে বিশ্ববিদ্যালয় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে। নজরুল বর্ষ উদযাপনের সুযোগ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতাসহ পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।



