ভ্রমণ সাহিত্য ও সৃজনশীলতায় পুরস্কার পেলেন যারা

ছবি: আগামীর সময়
ভ্রমণ সাহিত্য, আলোকচিত্র ও সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন গুণী ব্যক্তি এবং একটি ভ্রমণ সাহিত্য পত্রিকা পেয়েছে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশ বিষয়ক পুরস্কার ২০২৫’।
আজ শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন।
এর মধ্যে সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার পেয়েছেন মাহফুজুর রহমান। রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল পুরস্কার পেয়েছেন মুনতাসির মামুন। সাইদা খানম ভ্রমণ আলোকচিত্র পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ মামুন। বেস্ট ক্রিয়েটিভ আর্ট ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন আনিসুজ্জামান সোহেল। সেরা ভ্রমণ সাহিত্য পত্রিকা হিসেবে পুরস্কার পেয়েছে মাহমুদ হাফিজ সম্পাদিত 'ভ্রমণগদ্য' এবং সেরা ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেয়েছেন সালাহউদ্দীন সুমন।
যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জলের ভাষ্য, সাধারণত গুণী মানুষদের মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু আমরা মনে করি, একজন মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশাতেই হওয়া উচিত।
সভাপতির বক্তব্যে পর্যটন বিচিত্রার সম্পাদক ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল উল্লেখ করেন, পর্যটন সাহিত্যের উন্নয়নে সরকারি এজেন্সি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। বিদেশে পর্যটন নিয়ে অনেক কাজ হলেও আমাদের এখানে সমন্বয়ের অভাব রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান এবং গগণমাধ্যম ব্যক্তিত্ব খ ম হারুন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শোভন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য ফুয়াদ বিন ওমর ও শাকিল বিন মোস্তাকের সঞ্চালনায় পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, প্রতি দুই বছর অন্তর এই পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।






