উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
শিশু নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি

ছবি: আগামীর সময়
শিশুর নিরাপত্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (একাংশ), ঢাকা মহানগর সংসদ। দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে সংগঠনটি।
আজ শনিবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে বড় করে তুলতে হলে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই উল্লেখ করে সমাবেশে বলা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতিচর্চা ও খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে। একইসঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সমাবেশে সম্মেলক সংগীত পরিবেশন করে খেলাঘরের শিশুরা। একক সংগীত পরিবেশন করেন শাওন কুমার রায় ও অবিনাশ বাউল। একক আবৃত্তি পরিবেশন করেন মনীষা মজুমদার ও শাহিদা ফাল্গুনী।
সংস্কৃতির শক্তিকে সঙ্গে নিয়ে শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় এই সমাবেশে। সঞ্চালনা করেন শিখা সেন গুপ্তা।
উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদ একাংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শংকর আচার্য, সাধারণ সম্পাদক কংকন নাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান।
এ ছাড়া কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এবং কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।



