শাপলা চত্বরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি শেখ হাসিনা: আইনজীবী আমির হোসেন

গ্রাফিকস: আগামীর সময়
২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেননি বলে দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তার দাবি, মরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে রাষ্ট্রপক্ষের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই। হেফাজতে ইসলামকে নির্মূল করার পরিকল্পনাও সরকারের ছিল না। কারণ, সংগঠনটি এখনো টিকে আছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ কথা বলেন তিনি।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির শুনানি চলছে। এ মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। এদের মধ্যে শেখ হাসিনাসহ ‘পলাতক’ দেখানো সাত আসামির পক্ষে আইনি লড়াই করছেন আমির হোসেন।
শুনানিতে ২০০৮ সালের নির্বাচনে সামরিক বাহিনীর আনুকূল্যে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন বলে প্রসিকিউশনের অভিযোগের বিরোধিতা করেন এই আইনজীবী। তার দাবি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসেছিলেন।
এদিন উপস্থিত ১১ আসামির পক্ষে শুনানি করেন কয়েকজন আইনজীবী। অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে আদালত আগামী ২৩ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
এর আগে সকালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে বেলা ১২টার দিকে তাদের আদালতে নেওয়া হয়। প্রথমবারের মতো হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয় তাদের।
এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বলতে শোনা যায়, ‘আমাদের জোর করে নেওয়া হচ্ছে। নির্যাতন করা হচ্ছে।’ অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে এজলাসে প্রবেশ করেন।
প্রথমে হুইলচেয়ারে করে এজলাসে নেওয়া হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে আদালতে তোলা হয়।
অন্য আসামিদের নেওয়া হয় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে। তাদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। সবার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল কিছুটা জোরাজুরি করেন।
আসামিদের এজলাসে নেওয়ার সময় আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তাদের দুই পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য এবং সামনে পুলিশ সদস্যরা ছিলেন।
গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এ মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করা হয়েছে।




