নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: এমপির জামাতা মিজানুর কারাগারে

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিন আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে।
এদিন মিজানুর রহমানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক সুব্রত দেবনাথ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে মিজানুরের পক্ষে আইনজীবী শওকত হোসাইন জামিনের আবেদন করে বুধবার শুনানির জন্য সময় চান। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
এর আগে মো. সাইফুল ইসলাম ইমন বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে মিজানুর রহমানকে ৯ নম্বর আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের দিকে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজের প্রকল্প এলাকায় প্রবেশ করেন। সেখানে তারা গুলি করে আতঙ্ক সৃষ্টি, প্রকল্পের কর্মীদের মারধর এবং বিভিন্ন স্থাপনা ও মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও নিরাপত্তাকর্মী সৈয়দ নজরুল ইসলামকে মারধর করেন। তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও ওয়্যারলেস সেট নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া প্রকল্পের প্রধান ফটক, থাইগ্লাস ও কেচি গেট ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রকল্পের কার্যালয়ে থাকা কম্পিউটার মনিটর, ডিভিআর, টেলিভিশন, ল্যাপটপ, আসবাবসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে আরও ১২ লাখ টাকার ক্ষতি এবং লকার ভেঙে নির্মাণসামগ্রী কেনার জন্য রাখা ২৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, নির্মাণাধীন ভবনের পাশে থাকা রড, স্কুটার, বৈদ্যুতিক তার, পানির পাম্প, নির্মাণসামগ্রী ওঠানোর যন্ত্র, ল্যাপটপ, কম্পিউটার ও সিসিটিভি সরঞ্জামেরও ক্ষতি করা হয়।
এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ঢুকে টেলিভিশন, এসিসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মিজানুর রহমানকে গত সোমবার ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।



